J&K Terror Attack: রিয়াসির হামলার ৩ দিন পরই আবার উত্তপ্ত ভূস্বর্গ, কাঠুয়া-ডোডায় পরপর সন্ত্রাস হামলা, নিকেশ ১ জঙ্গি

Terrorist Killed: মঙ্গলবার প্রথম হামলা চলে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কাঠুয়া জেলায়। সেখানে হিরানগর সেক্টরের সাইদা গ্রামে হামলা চালায় জঙ্গিরা। যে বাড়িতে হামলা চালায় জঙ্গিরা, সেই বাড়ির মালিকই প্রথম ফোন করে সেনাবাহিনীকে খবর দেন।

J&K Terror Attack: রিয়াসির হামলার ৩ দিন পরই আবার উত্তপ্ত ভূস্বর্গ, কাঠুয়া-ডোডায় পরপর সন্ত্রাস হামলা, নিকেশ ১ জঙ্গি
জঙ্গিদের খোঁজে চলছে অভিযান।Image Credit source: ANI

|

Jun 12, 2024 | 8:24 AM

শ্রীনগর: একের পর এক হামলা। ফের অশান্ত জম্মু-কাশ্মীর। রিয়াসির হামসার তিনদিন কাটতে না কাটতেই ফের উপত্যকায় হামলা চালাল জঙ্গিরা। এবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় গ্রামে ঢুকে গুলি চালাল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। সংঘর্ষে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। অন্যদিকে, কাঠুয়ার হামলার ঘণ্টাখানেক পরই জম্মু-কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর পোস্টেও হামলা চালিয়েছে জঙ্গিরা। এমনটাই খবর।

মঙ্গলবার প্রথম হামলা চলে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কাঠুয়া জেলায়। সেখানে হিরানগর সেক্টরের সাইদা গ্রামে হামলা চালায় জঙ্গিরা। যে বাড়িতে হামলা চালায় জঙ্গিরা, সেই বাড়ির মালিকই প্রথম ফোন করে সেনাবাহিনীকে খবর দেন। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলে সেনাবাহিনী। জঙ্গি দমন অভিযানে পুলিশ ও প্যারামিলিটারিও যোগ দেয়। ঘণ্টাখানেকের গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলেই জানা গিয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, দুই জঙ্গি মিলে গ্রামে হামলা চালিয়েছিল। এর মধ্যে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আরেক জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চলছে। ড্রোন দিয়ে চলছে নজরদারি।

এর কিছুক্ষণ পরই জম্মু-কাশ্মীরে ডোডায় সেনার অস্থায়ী অপারেটিং বেসে জঙ্গি হামলার খবর মেলে।  জঙ্গিদের গুলিতে এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

প্রসঙ্গত, তিনদিন আগেই, গত ৯ জুন বৈষ্ণোদেবীগামী একটি পুণ্যার্থী বাসে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলি থেকে বাঁচতে গিয়ে খাদে পড়ে বাসটি। মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর। আহত হন কমপক্ষে ৩৩ জন। ওই জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের সক্রিয় ভূমিকা রয়েছে বলেই অনুমান গোয়েন্দাদের।

Follow Us