Work From Home: সপ্তাহে ২ দিন ওয়ার্ক ফ্রম হোম, প্রধানমন্ত্রীর আর্জির পরই বড় ঘোষণা

Delhi Work From Home Order: প্রধানমন্ত্রীর আর্জি মতো জ্বালানি বাঁচাতে অফিসের কাজে ন্যূনতম গাড়ি ব্যবহার করা হবে। ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে বিজেপির সমস্ত বিধায়ক, জনপ্রতিনিধি, দিল্লি সরকারের কর্মীদেরও যথাসম্ভব কম গাড়ি ব্যবহার করতে বলেছেন।

Work From Home: সপ্তাহে ২ দিন ওয়ার্ক ফ্রম হোম, প্রধানমন্ত্রীর আর্জির পরই বড় ঘোষণা
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

|

May 14, 2026 | 4:46 PM

নয়া দিল্লি: জ্বালানি বাঁচাতে ওয়ার্ক ফ্রম হোমে ফিরতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তার নির্দেশ মেনেই বড় পদক্ষেপ। ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করল দিল্লি সরকার। সমস্ত সরকারি অফিসে সপ্তাহে দুই দিন করে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) নির্দেশ দেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) এই ঘোষণা করেন।

কী কী ঘোষণা করা হল?

জ্বালানি সাশ্রয় করতে দিল্লি সরকারের তরফে শুধু ওয়ার্ক ফ্রম হোম-ই নয়, আরও একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীরা সপ্তাহে দুই দিন ওয়ার্ক ফ্রম হোম করবেন। পাশাপাশি অফিসিয়াল যত মিটিং রয়েছে, তার ৫০ শতাংশ মিটিং অনলাইনে হবে।

দিল্লি সরকার ও পুরসভা তাদের অফিসের সময়ও বদলে দেবে যানজট এড়াতে এবং জ্বালানির খরচ কমাতে। শুধু সরকারি কর্মীরাই নয়, যাতে সাধারণ মানুষও এই নীতি অনুসরণ করেন, তার জন্য কর্মসূচি চালু করা হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আগেই জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর আর্জি মতো জ্বালানি বাঁচাতে অফিসের কাজে ন্যূনতম গাড়ি ব্যবহার করা হবে। ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে বিজেপির সমস্ত বিধায়ক, জনপ্রতিনিধি, দিল্লি সরকারের কর্মীদেরও যথাসম্ভব কম গাড়ি ব্যবহার করতে বলেছেন। তার বদলে কারপুলিং ও গণপরিবহনে যাতায়াত করার পরামর্শ দিয়েছেন।

দিল্লির বিজেপি সরকার অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত গাড়িগুলির পেট্রোলের বরাদ্দও কমিয়ে দিয়েছে। অফিসারদের জন্য বরাদ্দ জ্বালানি ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। মাসে ২০০ লিটার বরাদ্দ করা হয়েছে।

গণপরিবহনের ব্যবহার বাড়াতে দিল্লিতে ‘মেট্রো ডে’ (Metro Day) পালন করা হবে। সাধারণ মানুষকে সপ্তাহে একদিন ‘নো কার ডে’ (No Car Day) পালন করতে বলা হয়েছে। পাবলিক ট্রান্সপোর্টের ব্য়বহার বাড়াতে ২৯টি সরকারি কলোনি থেকে ৫৮টি স্পেশাল বাস চালানো হবে। আগামী ছয় মাস দিল্লি সরকার নতুন কোনও গাড়ি কিনবে না বলেও ঘোষণা করেছে।

Follow Us