
নয়াদিল্লি: শীতের মরশুম মানেই দিল্লিতে ধোয়াঁশার প্রকোপ। প্রত্যেক বছর শীতকালেই ভয়ানক বায়ুদূষণ হয়। এবার সেই দূষণে রাশ টানতেই বড় পদক্ষেপ করল দিল্লি পুলিশ। আজ, অর্থাৎ ১ নভেম্বর ২০২৬ থেকে রাজধানীতে গাড়ি প্রবেশের ক্ষেত্রে চালু হচ্ছে নয়া বিধিনিষেধ। এই নিয়ম কার্যকর থাকবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। সংশোধিত গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) অনুযায়ী, দিল্লিতে দূষণ ছড়ায় এমন যানবাহনের প্রবেশে কড়াকড়ি করা হচ্ছে। দিল্লি ট্রাফিক পুলিশের তরফে সোশাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, সব ধরণের গাড়ি আর রাজধানীতে প্রবেশ করতে পারবে না। তবে BS-VI মানের পেট্রল-ডিজেল গাড়ি, সিএনজি চালিত গাড়ি, ইভি বা বৈদ্যুতিক গাড়ি প্রবেশ করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী, ছাড়প্রাপ্ত যানবাহনও দিল্লিতে ঢুকতে পারবে।
কোন কোন গাড়ির উপর নিষেধাজ্ঞা?
নতুন নিয়ম অনুযায়ী, BS-VI মানের নিচে থাকা পেট্রল ও ডিজেল গাড়ির উপর বিধিনিষেধ জারি করা হবে। বিশেষ করে দিল্লির বাইরে নথিভুক্ত পুরোনো গাড়িগুলিকে রাজধানীতে ঢোকার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। বৈধ Pollution Under Control সার্টিফিকেট না থাকলে কোনও গাড়িই ছাড় পাবে না। এছাড়া নির্ধারিত নিয়ম না মানা ইন্টারসিটি বাস ও পণ্যবাহী গাড়ির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে। দিল্লিতে যেসব বাস ঢুকবে, তাদের BS-VI ডিজেল, সিএনজি বা বিদ্যুৎচালিত হতে হবে। দিল্লিকে গন্তব্য না করে যেসব পণ্যবাহী ট্রাক রাজধানীর রাস্তা দিয়ে যাবে, তাদের দিল্লিতে প্রবেশ না করেই অন্য রাস্তা দিয়ে যেতে হবে। তারা ইস্টার্ন বা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে।
AI ক্যামেরায় নজরদারি
নিয়ম ভাঙা গাড়ি চিহ্নিত করতে দিল্লির প্রবেশপথগুলোতে ২৪ ঘন্টা নজরদারি চালানো হবে। AI নির্ভর Automatic Number Plate Recognition ক্যামেরা ও RFID প্রযুক্তির সাহায্যে গাড়ির নম্বর, পলিউশন সার্টিফিকেট ও প্রয়োজনীয় নথি পরীক্ষা করা হবে। তাই গাড়ি নিয়ে দিল্লি যাওয়ার আগে বৈধ পলিউশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশনের কাগজ ইত্যাদি নিয়ে যেতে বলা হচ্ছে। একইসঙ্গে Digilocker App-এ থাকা ডিজিটাল নথিও বৈধ ডকুমেন্ট হিসেবে দেখানো যাবে। শীতকালে দিল্লি ও সংলগ্ন এলাকায় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করে। সেই দূষণ কমাতেই এই নতুন পদক্ষেপ নিল দিল্লি পুলিশ। তবে এই নিয়মের অর্থ সব ব্যক্তিগত গাড়ির উপর নিষেধাজ্ঞা নয়। BS-VI, CNG ও বৈদ্যুতিক গাড়ি নির্দিষ্ট শর্ত মেনে দিল্লিতে প্রবেশ করতে পারবে।