
নয়া দিল্লি: পাকিস্তানের কারসাজি থামছে না। কাশ্মীরের পর এবার দিল্লি সংলগ্ন এনসিআর (Delhi NCR) এলাকায় কিশোরদের উগ্রপন্থী নেটওয়ার্কে কাজে লাগাচ্ছে পাকিস্তান (Pakistan)। কীভাবে তারা জাল ছড়াচ্ছে? তা উঠে এল এনআইএ(NIA)-র তদন্তে।
জানা গিয়েছে, গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে ২১ জনকে গ্রেফতার করেছে এনআইএ (NIA)। সংবেদনশীল এলাকায় গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচ কিশোরের বিরুদ্ধে গাজিয়াবাদের জুভেনাইল জাস্টিস বোর্ড (Juvenile justice board)-এ বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এনআইএ।
তদন্ত রিপোর্ট অনুযায়ী, দিল্লি লাগোয়া কৌশাম্বী রেলস্টেশন সহ একাধিক রেল স্টেশনে সোলার পাওয়ারড সিসি ক্যামেরা লাগানোর কাজে নিযুক্ত ছিল এই কিশোররা। সিসি ক্যামেরার ভিডিয়ো আউটপুট এবং সুনির্দিষ্ট জিপিএস লোকেশন সহ সমস্ত তথ্য পাকিস্তানি উগ্রপন্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
রেলস্টেশন ছাড়াও একাধিক চূড়ান্ত সংবেদনশীল (prohibited area)-তেও সিসি ক্যামেরা ইনস্টলের সুযোগ নিয়ে জিয়ো ট্যাগিং (Geo Tagging)-সহ ফুটেজ সরবরাহ করা হয়েছে।
এছাড়াও নিজেদের নামে সিমকার্ড নিয়ে সন্ত্রাসবাদী সংগঠনের লিঙ্কম্যানদের হাতে তা তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত কিশোরদের দারিদ্র্যের সুযোগ নিয়ে সামান্য টাকার লোভ দেখিয়ে তাদের এ কাজ করানো হয়েছে। এই নিয়ে আরও তদন্ত করছে এনআইএ।