
নয়া দিল্লি: বারবার অনুরোধ করা হয়েছিল, তাও শোনেননি। দিল্লির ব্যবসায়ী সংগঠনের দাবি, রবিবার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের জনসভার জন্য ১১ হাজার কোটি টাকার ব্যবসার ক্ষতি হয়েছে। উৎসবের মরশুমের ঠিক আগে এই জনসভা করায়, গতকাল সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। তার জন্যই এই বিপুল ক্ষতি।
চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে যে বিস্তারিত হিসাব দেওয়া হয়েছে, তাতে দাবি করা হয়েছে যে ইন্ডিয়া জোটের মেগা সমাবেশের কারণে একদিনেই ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতাদের বারবার চিঠি লিখে অনুরোধ করা হয়েছিল যে দীপাবলির পর যেন এই জনসভা করা হয়। দীপাবলির ঠিক আগে এই জনসভা করলে, যানজট, রাস্তা বন্ধ সহ একাধিক কারণে ব্যবসায়ীদের বিপুল ক্ষতি হবে। ইন্ডিয়া জোটের নেতারা সেই অনুরোধ রাখেননি।
সিটিআই জানিয়েছে, রামলীলা ময়দানের পাঁচ কিলোমিটার চত্বরের মধ্যে কাশ্মীরী গেট, মোরি গেট, চাঁদনি চক, চৌরি বাজার, খারি বাওলি, নয়া বাজার, সদর বাজার, আজমেরি গেট, দরিয়াগঞ্জ, পাহাড়গঞ্জ, কমলা মার্কেট, জামা মসজিদ, লাজপত রাই মার্কেট, তিলকবাজার, কনৌট প্লেস, গফ্ফর মার্কেট, করোল বাগ সহ একাধিক মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল, যার কারণে রিটেল ও হোলসেলে ৮৮০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিন লাখ দোকানের মধ্যে আড়াই লাখ দোকানই বন্ধ ছিল। এছাড়া পরিবহণ ও লজিস্টিকের ১৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে কারণ রামলীলা ময়দানের ১০ কিলোমিটারের মধ্যে যান চলাচলও সীমিত ছিল। হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, পর্যটন ক্ষেত্রেও প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের প্রশ্ন, এই বিপুল ক্ষতিপূরণ কে দেবে?
এদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকেই দুষেছেন। তাঁর দাবি, জোর করে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল।