
নয়া দিল্লি: ঘন কুয়াশায় বিপর্যসস্ত ট্রেন ও বিমান পরিষেবা। চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। সোমবার তো বিপর্যস্ত যাত্রীদের দিল্লি বিমানবন্দরের টারম্যাকে বসে নৈশভোজ করার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করল অসমারিক বিমান পরিবহণ সংস্থা, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। কুয়াশার জন্য বিমান বাতিল হলে বা অতিরিক্ত দেরি হলে যাত্রীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
DGCA-র নির্দেশিকায় কী বলা হয়েছে?
বিমানের দেরি হলে বা বাতিল হলে যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন, সেজন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে DGCA। নির্দেশিকায় বেশ কয়েকটি বিষয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। যেমন-
১) কুয়াশার জন্য যদি কোনও বিমান বাতিল হয় বা ৩ ঘণ্টার বেশি দেরি হয়, তাহলে এয়ারলাইন্স গুলিকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিমানের দেরির কারণ জানিয়ে রিয়েল-টাইম তথ্য প্রকাশ করতে হবে।
২) কুয়াশার জন্য বিমানের দেরি হলে বা বাতিল হলে সেই বিমানের যাত্রীদের এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে আগাম বিস্তারিত তথ্য জানাতে হবে।
৩) বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের উড়ানের দেরি সম্পর্কিত আপডেট তথ্য দিতে হবে।
৪) অপেক্ষমান যাত্রীদের সঙ্গে বিমানবন্দরে কর্মরত এয়ারলাইন্সের কর্মীদের সংবেদনশীল ব্যবহার করতে হবে। যাত্রীদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করে উড়ানের দেরি সম্পর্কে যাত্রীদের ক্রমাগত তথ্য জানাতে হবে।
প্রসঙ্গত, কুয়াশা-মাখা সোমবার বিমানের দেরি হওয়া নিয়ে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে গোয়া-দিল্লির ইন্ডিগোর বিমান। পাইলটকে ঘুষি মারার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। তারপর বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সঙ্গে যথাযথ ব্যবহার করেনি এবং বিমান দেরি হওয়া নিয়ে স্পষ্ট কোনও তথ্য দেয়নি, বরং দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ। যার জেরে প্রবল ঠান্ডায় যাত্রীদের দীর্ঘক্ষণ খোলা আকাশের নীচে টারম্যাকে কাটাতে হয়েছে এবং ইন্ডিগো বিমানের অদূরে টারম্যাকে বসে যাত্রীদের নৈশভোজ করার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়ো সম্পর্কে ইন্ডিগো বা দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে DGCA। যাত্রীদের হয়রানি দূর করতেই বিশেষ নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিবহণ সংস্থা। প্রতিটি বিমানসংস্থাকে এই নির্দেশিকা মানতে হবে বলেও জানিয়েছে DGCA।
Flash:
Latest visuals of passengers of a Delhi-bound #IndiGo flight diverted to Mumbai (confirmed by airport sources) due to operational issues are seen eating and sitting on the airport tarmac at #MumbaiAirport. pic.twitter.com/yr0y7hjoiV
— Yuvraj Singh Mann (@yuvnique) January 15, 2024