
মুম্বই: কোচিং সেন্টার থেকে নিয়ে যাওয়া হয়েছিল পিকনিকে। ছাত্র-ছাত্রীদের আনন্দ হঠাৎ বদলে গেল বিষাদে। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল আট পড়ুয়া। ও পড়ুয়াদের দেহ উদ্ধার করা হয়েছে। আটজনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। পুণের একটি প্রাইভেট কোচিং সেন্টার থেকে ছাত্র-ছাত্রীদের দিবেগর সমুদ্র সৈকতে নিয়ে আসা হয়েছিল পিকনিকের জন্য। জানা গিয়েছে, মোট ৪৮ জন পড়ুয়া এসেছিল। ২৫ জন ছাত্র, ১৭ ছাত্রী ছিল। এরা সকলেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া। এদের সঙ্গে অ্যাকাডেমির ছয়জন শিক্ষকও এসেছিলেন।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, আজ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী স্নান করতে নেমেছিল। এদের মধ্যে কয়েকজন জলের গভীরতা বুঝতে পারেনি, বেশ কিছুটা এগিয়ে যায়। এরপর আচমকাই স্রোতের টানে তলিয়ে যায় আট পড়ুয়া। ওই পডুয়াদের তলিয়ে যেতে দেখে বাকিরা চিৎকার শুরু করে।
ওই সমুদ্র সৈকতে ওয়াটার স্পোর্টস চালায় যে সংস্থা, তারা নিজেদের উদ্যোগে প্রথমে সমুদ্রে নামে এবং ভেসে যাওয়া পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা করে। এরপর স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসনের সাহায্যে শুরু হয় পুরোদমে উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণ পর আট পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সকলকেই মৃত বলে ঘোষণা করা হয়।
সমুদ্র সৈকতে পরপর রাখা ছিল পড়ুয়াদের দেহ। পুলিশ ও পিকনিক করতে আসা পড়ুয়ারা তাদের বুকে ক্রমাগত চাপ দিয়ে প্রাণ ফেরানোর চেষ্টা করছিল। তবে শেষরক্ষা হয়নি। এখনও এক পড়ুয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই খবর।
পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।