
মায়ানমার ও গুয়াহাটি : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। ভূ-কম্পন অনুভূত হয়েছে উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও। গতকালই ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। সতর্কবার্তার আধ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়ে সুনামিও। এদিকে, আজ সকালে একাধিক জায়গায় ভূমিকম্পের খবর সামনে এসেছে। মায়ানমারে ভূমিকম্পের পাশাপাশি ভারতের একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। অসম, গুয়াহাটি, মণিপুরে ভূমিকম্প হয়েছে বলে খবর।
মায়ানমার ও মণিপুর ভূমিকম্প
আজ ভোর ৫টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে মায়ানমারের একাধিক অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। অন্যদিকে, আরও একটা কম্পন অনুভূত হয় ভারত-মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের কামজং-এ। এটাই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ভোর ৫টা ৫৯ মিনিটে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.২। এর আগে সোমবারও ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমারে। তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ সকাল ৭টা ৫২ মিনিট নাগাদ কলম্বিয়া ও ইকুয়েডরেও ৫.৪ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে।
অসম ও গুয়াহাটির ভূমিকম্প
মায়ানমারে ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে উত্তরপূর্ব ভারতের আরও একটা রাজ্য। ভোরবেলা তীব্র কম্পনে ঘুম ভাঙে অসমবাসীর। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, সতর্ক রয়েছে প্রশাসন। ভারতীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার ফলে কম্পন অনুভূত হয় গুয়াহাটি-সহ একাধিক জায়গায়।
প্রসঙ্গত, সোমবার সকালেই জাপানের উত্তর উপকূলে স্থানীয় সময়ে বিকেল ৪টে ৫৩ মিনিটে (ভারতীয় সময়ে ৭টা ৫৩ মিনিট) ভূমিকম্প অনুভূত হয়। উত্তর জাপানের সানরিকু উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়। জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে,তিন মিটার উচ্চতা পর্যন্ত সমুদ্রের ঢেউ উঠতে পারে। সতর্কতার পরই সুনামি আছড়ে পড়ে। ভূমিকম্পের প্রায় আধ ঘণ্টা পরে ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে বলে খবর।