
চেন্নাই : তখনও বিমানের চাকা থামেনি। মাঝ আকাশ থেকে সবে রানওয়েতে পৌঁছেছে। ঠিক সেই সময় বিমান (Chennai Flight ) থেকে ঝাঁপ দিলেন এক যুবক। ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, বিমানের আপৎকালীন দরজা খুলে বিমান থেকে ঝাঁপ (Flier jumps off from plane) দেন তিনি। তবে, তাঁর সেভাবে আঘাত লাগেনি। সুস্থই রয়েছেন। ঘটনার পরই ওই ব্যক্তিতে আটক করেন সিআইএসএফ জওয়ানরা।
ঠিক কী ঘটেছিল বিমানে?
আজ ভোরে এয়ার আরাবিয়ার শারজাহ-চেন্নাইগামী বিমানে ঘটনাটি ঘটে। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অবতরণের কিছুক্ষণ পরই যখন বিমানটি মূল রানওয়ে থেকে বেরিয়ে ট্যাক্সিওয়েতে ওঠে, ঠিক সেইসময় আপৎকালীন দরজা খুলে ঝাঁপ দেন যুবক। জানা গিয়েছে, বিমানে ওঠার পর থেকে তাঁর শরীর খুব একটা ভালো ছিল না। বার দুয়েক নাকি বমিও করেন। তারপর হঠাৎ বিমান থামার আগেই বিমান থেকে ঝাঁপ দেন। ওই ব্যক্তি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্তা জানিয়েছেন, তিনি যখন ঝাঁপ দেন, তখনও বিমানটি ধীরে ধীরে চলছিল। এতে কোনও প্রাণহানি হয়নি বা বিমানের কোনও ক্ষতি হয়নি। ঘটনার পরই পাইলট নিরাপত্তরক্ষীদের খবর দেন। সিআইএসএফ জওয়ানরা দ্রুত সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনায় বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যহত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভোর ৩টে ২৩ থেকে ৪টে ২৩ পর্যন্ত প্রধান রানওয়েটি বন্ধ রাখা হয়েছিল। ওই সময় ফ্লাইটগুলোকে দ্বিতীয় রানওয়েতে পাঠিয়ে দেওয়া হয়।
কী কারণে ওই ব্যক্তি ঝাঁপ দিলেন তা জানা যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।