
নয়াদিল্লি: বোতলজাত পানীয় জলের গুনমান ও সুরক্ষা নিয়ে এবার আরও কঠোর হচ্ছে কেন্দ্রের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা FSSAI। দেশের প্যাকেজড্ ড্রিঙ্কিং ওয়াটার ও মিনারেল ওয়াটার শিল্পে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে Food Safety and Standards Authority of India (FSSAI)। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষকে আরও বেশি করে কারখানা পরিদর্শন, স্যাম্পল সংগ্রহ ও নিয়ম লঙ্ঘনকারী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রয়টার্সের হাতে আসা ২৫ নভেম্বরের নির্দেশিকা অনুযায়ী, বোতলজাত পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও প্রয়োগমূলক ব্যবস্থা আরও জোরদার করতে চাইছে । এর ফলে পেপসি, কোকা-কোলা, টাটা কনজিউমার প্রোডাক্টস ও রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টসের মতো বড় সংস্থাগুলিও FSSAI-এর বাড়তি নজরদারির আওতায় আসতে পারে। FSSAI-এর বক্তব্য, প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ও মিনারেল ওয়াটারের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট শিল্পে নিয়মিত নজরদারি , নমুনা পরীক্ষা ও আইন কার্যকর করার প্রক্রিয়া আরও শক্তিশালী প্রয়োজন করা প্রয়োজন।
এর কারণ হিসেবে দেখা হচ্ছে, বিসলেরির জলের নমুনা নিয়ে সাম্প্রতিক বিতর্ক। ভারতের সবথেকে পরিচিত পানীয় জলের ব্র্যান্ডকে ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করেছিল খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। এর জলে পাওয়া ব্রোমেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে জানা গিয়েছে। বিসলেরি জানিয়েছে, তাদের নিজস্ব সুরক্ষামূলক পরীক্ষাতে কোনও সমস্যা হয়নি। এরপরেই বোতলজাত যাবতীয় পানীয়, সবেতে নজরদারি করতে চাইছে FSSAI।
ভারতে বোতলজাত পানীয় জলের বাজার ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই রয়েছে একাধিক কোম্পানি। এই শিল্পের বর্তমান বাজারমূল্য প্রায় ৩.৫ বিলিয়ন ডলার। ইতিমধ্যেই পানীয় জলের চাহিদা বাড়ছে। তবে একই সঙ্গে বেশি দাম দিয়ে উন্নতমানের জল কিনতে আগ্রহী গ্রাহকদের কথা মাথায় রেখে বাড়ছে প্রিমিয়াম ওয়াটারের বাজারও। কিন্তু সেই বাজারে গুণমান নিয়ে কোনও আপোস করতে রাজি নয় নিয়ন্ত্রক সংস্থা। আগামী দিনে আরও পানীয় সম্পর্কিত পরীক্ষায় কি কি উঠে আসে, সেদিকেই নজর রাখবেন FSSAI এর সদস্যরা।