
নয়া দিল্লি: ভারত-বাংলাদেশ সম্পর্ক কি নতুন মোড়ের অপেক্ষায়? গঙ্গার জলবন্টন (Ganga Water Sharing) নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হবে? আগামী ডিসেম্বর মাসেই শেষ হচ্ছে ভারত-বাংলাদেশ গঙ্গা জলচুক্তির মেয়াদ। তার আগে, চলতি এপ্রিল মাসেই দিল্লি সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান (Khalilur Rahman)।
সূত্রের খবর, ভারত-বাংলাদেশ জলবন্টন ইস্যুতে আগামী ১৮ এপ্রিল নয়া দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে এই আলোচনাই প্রথম হাই লেভেল বৈঠক হতে চলেছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর, মহম্মদ ইউনূসের নেতৃত্বে দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ক্রমে অবনতি হয়েছিল। তবে তারেক রহমান ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক আবার উন্নতির আশা দেখাচ্ছে। তারেক রহমানের মা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য়ে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণেও আমন্ত্রিত ছিল ভারত।
এদিকে, ২০২৪ সালের জুলাই থেকে নিরাপত্তার কারণে বাংলাদেশিদের টুরিস্ট ভিসা দেওয়া বন্ধ রেখেছে দিল্লি।
এবার সেই ভিসা চালু করার আর্জিও ঢাকার তরফে জানানো হবে বলে সূত্রের খবর।
সম্মানজনক কূটনৈতিক অবস্থান বজায় রেখে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ফের মসৃণ করতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্যেই বিদেশমন্ত্রী পর্যায়ের এই বৈঠক।
সূত্রের খবর, ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করতে চান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়েও বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।