
নয়া দিল্লি: উৎসবের মরশুমে রেলের কর্মীদের জন্য দারুণ সুখবর। বোনাস ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ১১.৪০ লক্ষেরও বেশি রেলের কর্মীদের ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্মীদের বোনাস দেওয়ার জন্য মোট ২০০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আজ, ১৪ অক্টোবর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলকর্মীদের বোনাসের ঘোষণা করেন। দিপাবলীর উপহার হিসাবে এই বোনাস দেওয়া হবে। প্রোডাক্টিডিটি লিঙ্কড বোনাস হিসাবে এই অর্থ দেওয়া হবে।
ভারতীয় রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বার্ষিক বোনাস বৈধ নন-গেজেটেড রেলকর্মীদের দেওয়া হবে। বর্তমানে বোনাসের অঙ্ক হল ১৭ হাজার ৯৫১ টাকা। ৭০০০ টাকা ওয়েজ সিলিং বা বেতন সীমার ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। ৭৮ দিনের হিসাবে ১৭ হাজার ৯৫১ টাকা দেওয়া হবে। ২০১৪-১৫ সাল থেকেই এই সীমা অপরিবর্তিত রয়েছে।
সম্প্রতিই ভারতীয় রেলওয়ের সুপারভাইজরস অ্যাসোসিয়েশন (IRTSA) লেভেল-২ ও তার উপরে শ্রেণির কর্মীদের জন্য বোনাস সিলিং ১৮ হাজার টাকার বেশি করার দাবি করা হয়েছে। ১৮ হাজার টাকার সিলিংয়ে বার্ষিক বোনাস ৪৬ হাজার ১৮৪ টাকা পর্যন্ত হতে পারে।
এদিকে, কদিন আগেই একটি ভুয়ো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৭৮ দিনের বোনাস ঘোষণা করা হয়েছে। ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল যে ৪১ হাজার ১৪৯ টাকা বোনাস ঘোষণা করা হয়েছে। রেলের তরফে এই ধরনের ভুয়ো বিজ্ঞপ্তিতে বিশ্বাস করতে বারণ করা হয়েছে।