Amit Shah: ‘যেকোনও আলোচনার জন্য সরকার প্রস্তুত’, বিরোধীদের মক পার্লামেন্টকে কটাক্ষ শাহর

Amit Shah on Opposition Mock Parliament: অমিত শাহ আরও বলেন, “এই বিষয়ে আলোচনার জন্য আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত। আপনারা সংসদ অচল করে রেখেছেন। এক অর্থে সংসদকে পণবন্দি করে রেখেছেন। এবার সংসদকে কাজ করতে দিন এবং যথাযথ বিতর্ক হতে দিন। তারপর দেশের মানুষ নিজেরাই বুঝতে পারবেন, কে সত্যি কথা বলছেন আর কে বলছেন না।” 

Amit Shah: যেকোনও আলোচনার জন্য সরকার প্রস্তুত, বিরোধীদের মক পার্লামেন্টকে কটাক্ষ শাহর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Nov 03, 2026 | 9:11 PM

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। CEC-র ‘গণ ইমপিচমেন্ট’ নিয়ে মক পার্লামেন্টও বসিয়েছে। এই নিয়ে এবার বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি বলেন, বিরোধীরা কার্যত একটি ‘নকল সংসদ’ তৈরি করে নাটক করেছেন। পাশাপাশি, এই বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়ে দেন তিনি।

‘কংগ্রেস বরাবরই অসাংবিধানিক সরকারকে সমর্থন করেছে’-

কংগ্রেসকে নিশানা করে এদিন অমিত শাহ বলেন, “কংগ্রেস বরাবরই অসাংবিধানিক সরকার এবং সমান্তরাল সংসদকে সমর্থন করেছে। একটি ভুয়ো সংসদ তৈরি করে এবং বিতর্কের নামে প্রহসন করে তারা প্রকৃত সংসদকেই হাস্যকর করে তুলেছে। রাহুল গান্ধীকে আমি বলতে চাই, নরেন্দ্র মোদীর সরকার যে কোনও বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “এই বিষয়ে আলোচনার জন্য আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত। আপনারা সংসদ অচল করে রেখেছেন। এক অর্থে সংসদকে পণবন্দি করে রেখেছেন। এবার সংসদকে কাজ করতে দিন এবং যথাযথ বিতর্ক হতে দিন। তারপর দেশের মানুষ নিজেরাই বুঝতে পারবেন, কে সত্যি কথা বলছেন আর কে বলছেন না।” 

এর আগে গতকাল বিরোধীদের মক পার্লামেন্ট নিয়ে রাহুলকে কটাক্ষ করে অমিত শাহ বলেছিলেন, “বছরে মাত্র তিন-চার মাস ভারতে থেকে, তারপর বিদেশে চলে গেলে নির্বাচনে জেতার আশা করা যায় না। রাহুলের উচিত আরও বেশি সময় দেশে থাকা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যার সমাধানে কাজ করা।”

‘২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে’, মোদীকে ফের বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের

অন্যদিকে, একটি ভিডিয়ো প্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সমাজমাধ্যমে নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন। ভিডিয়ো বার্তায় রাহুল বলেন, “২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী। আমি আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম। আপনি বলেন, বিরোধীরা দেশবিরোধী। তাহলে যে কোনও মঞ্চে, যে কোনও জায়গায় আমার সঙ্গে বিতর্কে বসুন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us