AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court: শুধুমাত্র প্যান কার্ড, ভোটার কার্ডেই নাগরিকত্ব প্রমাণ করা যায় না: হাইকোর্ট

হাইকোর্ট ভুল আইনি পরামর্শ পাওয়ার যুক্তি গ্রহণ করেনি। আদালত জানায় যে, ফরেনার্স ট্রাইব্যুনালের সামনে অতিরিক্ত প্রমাণ পেশ করার জন্য আবেদনকারীকে একাধিক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। আদালত মন্তব্য করেছে যে, পরবর্তীতে নিজের আবেদনের খামতিগুলোকে ঢেকে দেওয়ার জন্যই ভুল পরামর্শ পাওয়ার দাবিটি তুলেছেন ওই আবেদনকারী।

High Court: শুধুমাত্র প্যান কার্ড, ভোটার কার্ডেই নাগরিকত্ব প্রমাণ করা যায় না: হাইকোর্ট
Image Credit: TV9 Bangla
| Updated on: Nov 11, 2026 | 12:04 AM
Share

গুয়াহাটি: কোনও প্রমাণ ছাড়া শুধুমাত্র স্বঘোষণার ভিত্তিতে ইস্যু করা প্যান কার্ড ও ভোটার আইডি কার্ড ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। নাগরিকত্ব সংক্রান্ত একটি মামলায় এমনটাই বলেছে গুয়াহাটি হাইকোর্ট। আদালত বলেছে যে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই নথিগুলোকে তখনই গ্রহণ করা যেতে পারে, যখন এই নথিগুলোর সঙ্গে থাকা মূল রেকর্ডগুলোও সঠিক থাকে।

বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের বেঞ্চ এক মহিলার আবেদন খারিজ করে এই পর্যবেক্ষণ দিয়েছে। ওই মহিলা ফরেনার্স ট্রাইব্যুনালের সেই রায়কে চ্যালেঞ্জ করেছিলেন, যেখানে তাঁকে ১৯৭১ সালের ২৫ মার্চের পর ভারতে প্রবেশ করা একজন বিদেশি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

হাইকোর্ট জানিয়েছে যে, আবেদনকারী বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়ে তাঁর বাবা, ঠাকুমা ও ঠাকুরদার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্ক প্রমাণ করতে পারেননি। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের (Citizenship Act, 1955) ধারা অনুযায়ী অসমে তিনি তাঁর পরিবারের সঙ্গে বাস করলেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।

কী ছিল সেই মামলা

আবেদনকারী দাবি করেছিলেন যে, তাঁর জন্ম ১৯৭৭ সালের ২৫ এপ্রিলে অসমে হয়েছিল। তাঁর এই দাবির সমর্থনে তিনি ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকা পেশ করেছিলেন তিনি। সেখানে তাঁর ঠাকুমা-ঠাকুরদার নাম নথিভুক্ত ছিল। এছাড়া, তিনি তাঁর বাবার প্যান কার্ড ও ভোটার আইডি, রেশন কার্ড এবং এনআরসি (NRC) আবেদনপত্রও প্রমাণ হিসেবে জমা দিয়েছিলেন।

আবেদনকারী দাবি করেন যে তাঁর বাবা একজন ভারতীয় নাগরিক। ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত ছিল। তিনি লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন এবং গুয়াহাটিতে নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

তবে, ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁর দাবি খারিজ করে দিয়েছিল। ট্রাইব্যুনালের বক্তব্য ছিল যে, তাঁর বাবার সঙ্গে পারিবারিক সম্পর্ক প্রমাণ করতে পারেননি তিনি। এর ভিত্তিতেই তাঁকে ১৯৭১ সালের ২৫ মার্চের পরে ভারতে প্রবেশকারী বিদেশি বলে ঘোষণা করা হয়েছিল।

হাইকোর্টে আবেদনকারী যুক্তি দেয় যে, ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁর নথিপত্র এবং প্রমাণগুলো সঠিকভাবে মূল্যায়ন করেনি। তিনি এও বলেন যে, তাঁর আগের আইনজীবী তাঁকে ভুল পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, আগে দেওয়া কাগজপত্রগুলোই তাঁর ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট। তিনি মামলাটি পুনরায় শুনানির জন্য ট্রাইব্যুনালে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সাক্ষী পেশ করার সুযোগও পেতে চান তিনি।

তবে হাইকোর্ট ভুল আইনি পরামর্শ পাওয়ার যুক্তি গ্রহণ করেনি। আদালত জানায় যে, ফরেনার্স ট্রাইব্যুনালের সামনে অতিরিক্ত প্রমাণ পেশ করার জন্য আবেদনকারীকে একাধিক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। আদালত মন্তব্য করেছে যে, পরবর্তীতে নিজের আবেদনের খামতিগুলোকে ঢেকে দেওয়ার জন্যই ভুল পরামর্শ পাওয়ার দাবিটি তুলেছেন ওই আবেদনকারী।

Follow Us