Old Age Home: কলকাতার সাবিনা আর হিমাচলের কানহাইয়া, বৃদ্ধাশ্রমে প্রেম পেল পরিণতি! বয়স হার মানল ভালোবাসার কাছে

মঙ্গলবার থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। হলুদ, মেহেন্দি, গান আর আনন্দে মাতেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। বুধবার ঐতিহ্যবাহী রীতিতে বিয়ে সম্পন্ন হয় কানহাইয়া লাল ও সাবিনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক আধিকারিকরাও। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানাও।

Old Age Home: কলকাতার সাবিনা আর হিমাচলের কানহাইয়া, বৃদ্ধাশ্রমে প্রেম পেল পরিণতি! বয়স হার মানল ভালোবাসার কাছে
বৃদ্ধাশ্রমে বিয়েImage Credit source: X handle

Nov 26, 2026 | 7:27 AM

নয়া দিল্লি: জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন দু’জনেই। কারও জীবনে ছিল হারানোর যন্ত্রণা, কারও জীবনে ছিল আপনজনের থেকে দূরে চলে যাওয়ার কষ্ট। একসময় দু’জনেরই আশ্রয় হয়েছিল বৃদ্ধাশ্রমে। কিন্তু সেই আশ্রয়স্থলেই একে অপরের হাত ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেন তাঁরা। ৭৫ বছরের কানহাইয়া লাল ও ৬৩ বছরের সাবিনা এবার সাত পাকে বাঁধা পড়লেন। তাঁদের এই বিয়ে যেন একাকিত্বের অন্ধকারে নতুন করে আলো জ্বালল।

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার দয়োলির ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে তাঁদের পরিচয়। সেখানেই ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব একসময় রূপ নেয় ভালোবাসায়। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে দু’জনেই যখন একাকিত্বের সঙ্গে লড়ছিলেন, তখন একে অপরের সঙ্গেই খুঁজে পান মানসিক শান্তি, ভরসা আর আপনজনের অনুভূতি। শেষ পর্যন্ত একসঙ্গে জীবনের বাকি দিনগুলো কাটানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

কানহাইয়া লাল হিমাচলের মান্ডি জেলার জানজেহলি এলাকার বাসিন্দা। স্ত্রীকে হারানোর পর তাঁর জীবনে নেমে আসে গভীর শূন্যতা। সন্তানও ছিল না তাঁর। নিজের জমি ও বাড়ি ভাইদের হাতে তুলে দেওয়ার পর অভিযোগ, তাঁকে আর দেখভাল করা হয়নি। একসময় বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। পরে উদ্ধার করে তাঁকে বিলাসপুরের আপনা ঘর বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। সেখানেই কাটছিল তাঁর দিন।

অন্যদিকে, কলকাতার বাসিন্দা সাবিনাও জীবনের নানা পরিস্থিতিতে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় চার বছর আগে তিনি শিমলায় পৌঁছন। সেখানে তাঁকে অসহায় অবস্থায় উদ্ধার করে পুলিশ এবং পরে মহিলাদের আশ্রয়কেন্দ্রে রাখা হয়। এরপর তাঁকে বিলাসপুরের আপনা ঘর বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়।

দু’জনের জীবনের পথ আলাদা হলেও কষ্ট যেন কোথাও মিলেমিশে গিয়েছিল। বৃদ্ধাশ্রমে একসঙ্গে সময় কাটাতে কাটাতে ধীরে ধীরে কাছাকাছি আসেন তাঁরা। প্রথমে নিজেদের অনুভূতি প্রকাশ করতে কিছুটা সংকোচ থাকলেও, পরে বিয়ের ইচ্ছার কথা আশ্রম কর্তৃপক্ষকে জানান। তাঁদের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে বিয়ের আয়োজন করে আশ্রম কর্তৃপক্ষ।

মঙ্গলবার থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। হলুদ, মেহেন্দি, গান আর আনন্দে মাতেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। বুধবার ঐতিহ্যবাহী রীতিতে বিয়ে সম্পন্ন হয় কানহাইয়া লাল ও সাবিনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক আধিকারিকরাও। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানাও।

বিয়ের পর তাঁদের নতুন ঠিকানা হবে নালাগড়ের একটি বৃদ্ধাশ্রম। সেখানে দু’জনের একসঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছে। কারণ, বিলাসপুরের আপনা ঘরে দম্পতিদের থাকার উপযুক্ত ব্যবস্থা নেই।

জীবনের শেষ অধ্যায়ে এসে তাঁদের এই নতুন শুরু শুধু একটি বিয়ের গল্প নয়, বরং একাকিত্বের মাঝেও ভালোবাসা, সঙ্গ আর নতুন করে বাঁচার ইচ্ছের গল্প। বয়স যে ভালোবাসার পথে বাধা হতে পারে না, কানহাইয়া লাল ও সাবিনার জীবন সেই বার্তাই দিয়ে গেল।

Loading...
Unable to load recommendations.
Follow Us