Home Ministry Bomb Threat: অমিত শাহর কার্যালয়ে বোমা হামলার হুমকি, নর্থ ব্লকে বম্ব স্কোয়াড!

বোমা হামলার হুমকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। বুধবার (২২ মে), বিকেল সাড়ে ৩টে নাগাদ ইমেলে এই হুমকি আসে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং দিল্লি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। প্রাথমিক অনুসন্ধানের পর, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Home Ministry Bomb Threat: অমিত শাহর কার্যালয়ে বোমা হামলার হুমকি, নর্থ ব্লকে বম্ব স্কোয়াড!
নর্থ ব্লকে দিল্লি পুলিশের বম্ব স্কোয়াডImage Credit source: ANI

May 22, 2024 | 6:29 PM

নয়া দিল্লি: বোমা হামলার হুমকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকেরই। দেশের সুরক্ষায় নেওয়া সকল সিদ্ধান্ত নেওয়া হয়, সংসদের নর্থ ব্লকে অবস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয় থেকেই। বুধবার (২২ মে), সেই কার্যালয়েই দেওয়া হল বোমা হামলার হুমকি। সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ ইমেলে এই হুমকি আসে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং দিল্লি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।

প্রাথমিক অনুসন্ধানের পর, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশের অনুমান এই হুমকি ভুয়ো। ইমেইলটি কোথা থেকে এবং কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানতে পারেনি পুলিশ। লোকসভা নির্বাচন চলাকালীন এই ধরনের হুমকিকে একেবারেই হাল্কা চোখে দেখছে না প্রশাসন। ঘটনার সময় অবশ্য নর্থ ব্লকে ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী প্রচারে এদিন বাংলায় এসেছিলেন তিনি। কাঁথি, ঘাটাল ও পুরুলিয়া কেন্দ্রে তিন-তিনটি জনসভা ছিল তাঁর।


প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিল্লির শতাধিক স্কুল এবং বেশ কয়েকটি সরকারি হাসপাতালে একইভাবে ই-মেইল করে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। তবে, হুমকি ছিল একেবারেই ফাঁপা। কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

Follow Us