
নয়াদিল্লি: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। সারা বিশ্ব যখন প্রেমদিবসের উদযাপনে ব্যস্ত, তখনই ভারতের পরিস্থিতি বদলে গিয়েছিল এক লহমায়। বলা ভাল, নৃশংস জঙ্গিহামলা বদলে দিয়েছিল ভারতের পরিস্থিতি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেদিনের জঙ্গি হামলা প্রাণ কেড়েছিল অন্তত ৪৪ জন সিআরপিএফ জওয়ানের। কিন্তু এই ঘটনার পর চুপ করে বসে থাকেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। প্রথমবার ভারতীয় সেনা সীমান্তে পেরিয়ে গুঁড়িয়ে দিয়েছিল জঙ্গিদের ঘাঁটি। জওয়ানদের মৃত্যুর প্রতিশোধ যে ভাবে সেনা নিয়েছিল, তা নিশ্চিতভাবে বার্তা দিয়েছিল, হামলা হলে চুপ থাকবে না ভারতের সেনা।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা দিয়ে যাচ্ছিল সেনার কনভয়। সেই কনভয়ের ৭৮ গাড়িতে প্রায় আড়াই হাজার সিআরপিএফ জওয়ান ছিলেন। সেই কনভয়েই হামলা চালায় জৈশ-ই-মহম্মদের জঙ্গিরা। সেই বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ৪৪ জন জওয়ানের। আহত হন আরও বেশি। জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর ঘটানো হয়েছিল এই বিস্ফোরণ।
এই ঘটনার ১২ দিন পরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেয় জঙ্গিদের ঘাঁটি। পাঁচ দশকে প্রথম বার এই ধরনের হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান সীমান্তে পেরিয়ে জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ করেছিল। এক হাজার কেজির বোমের পাশাপাশি পাঁচটি স্পাইস ২০০০ বোম ব্যবহৃত হয়েছিল। ভোররাতের এই আক্রমণে শতাধিক জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা। মাত্র ২০ মিনিটের অপারেশনে জঙ্গি এবং তাদের আশ্রয়দাতা পাকিস্তানকে বার্তা পৌঁছে দিয়েছিল ভারত।