
তেহরান : ইরান-আমেরিকার মধ্যে কি যুদ্ধ থামবে? গোটা বিশ্বের নজর রয়েছে এখন সেদিকেই। এদিকে, হরমুজ় প্রণালীর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে। সংঘর্ষবিরতির পরই হরমুজ় খুলে দিয়েছিল ইরান। কিন্তু লেবাননে হামলার জেরে ফের হরমুজ় বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়। শুধু তাই নয়, হরমুজ়ে মাইন পোঁতা রয়েছে। যা নিজেই খুঁজে পাচ্ছে না ইরান। এমনই তথ্য উঠে আসছে রিপোর্টে। তাই ইরান হরমুজ় খুলে দিলেও জাহাজ যাতায়াত করতে পারছে না। ভারতে কীভাবে তেলবাহী জাহাজগুলি আসবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে, উদ্বেগ পরিস্থিতির মধ্যে হরমুজ় পার করল ভারতের আরও একটা এলপিজি ট্যাঙ্কার।
জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে এলপিজি ট্যাঙ্কার ‘জগ বিক্রম’ হরমুজ় পার করেছে। ইরান-আমেরিকার দুই সপ্তাহের যুদ্ধ বিরতির মধ্যে এটিই প্রথম ভারতীয় জাহাজ, যা হরমুজ় পার করেছে। এই নিয়ে ৯টি ভারতীয় জাহাজ হরমুজ় পার করল বলে জানা গিয়েছে। এছাড়া, অন্তত আরও ১৫টি ভারতীয় জাহাজ হরমুজ় প্রণালীতে আটকে রয়েছে। আগামী দিনে একই পথে ভারতে জাহাজ আসার কথা রয়েছে।
জানা গিয়েছে, জগ বিক্রম-এ প্রায় ২০ হাজার টন এলপিজি রয়েছে। ট্যাঙ্কারটি একটি মাঝারি আকারের এলপিজিবাহী। মুম্বইয়ের একটি শিপিং কোম্পানির মালিকানাধীন এই জাহাজ। সূত্রের দাবি, জগ বিক্রম এক সপ্তাহেরও বেশি সময় ধরে হরমুজ় পারাপারের অনুমতির অপেক্ষায় ছিল। ৩ এপ্রিল এক সংবাদমাধ্যমর রিপোর্ট জানিয়েছিল, এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন আশা’ এবং ‘জগ বিক্রম’ কয়েক দিনের মধ্যেই হরমুজ় পার করে ভারতে আসবে। ‘গ্রিন আশা’ ৫ এপ্রিলই হরমুজ় পার করে। অপেক্ষা ছিল শুধুমাত্র জগ বিক্রম-এর। অবশেষে জাহাজটিও হরমুজ় পার করল।
জগ বিক্রম-এর আগে আটটি জাহাজ হরমুজ পার করেছে। সেগুলি হল-
শিবালিক
নন্দা দেবী
পাইন গ্যাস
জাগ বসন্ত
বিডব্লিউ টিওয়াইআর
বিডব্লিউ ইএলএম
গ্রিন সানভি
গ্রিন আশা