
নয়া দিল্লি: আন্তর্জাতিক সীমান্ত টপকে ক্রমাগত পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। সীমান্তেই জবাব দিয়েছে ভারত। এবার সরাসরি পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশ মন্ত্রক। সতর্ক করা হল ক্রমাগত অনুপ্রবেশের প্রচেষ্টা নিয়ে।
দুইদিন আগেই, শুক্রবার পঞ্জাবের তারণ তরণে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল দুই পাকিস্তানি। বিএসএফ তাদের বারবার সতর্ক করে, তারপরও তারা অনুপ্রবেশ করায় বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ।
ভারতের তরফে পাকিস্তানকে জানানো হয়েছে, তিনজন অনুপ্রবেশকারী ভারতে ঢুকে পড়েছে। আরও কয়েকজন এগোচ্ছিল বিএসএফের বারংবার সতর্কতার পরও। এই ঘটনাকে ভারত নিরাপত্তার জন্য ঝুঁকি বলেই দেখা হচ্ছে।
বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে যে পাকিস্তানের সশস্ত্র মাদক পাচারকারী চক্র বারংবার সীমান্ত পার করে অনুপ্রবেশ করছে। ইসলামাবাদকে এই অনুপ্রবেশ, মাদক পাচার ও সীমান্ত সুরক্ষা নিয়ে পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে।
যে দুই পাকিস্তানি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে, তাদের সাধারণ নাগরিক বলেই দাবি করেছিল পাকিস্তান। ভারত সেই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সীমান্তে সুরক্ষা এবং দ্বিপাক্ষিক শর্ত মেনে চলতে বলা হয়েছে ইসলামাবাদকে, যাতে ভবিষ্যতে এই ধরনের অনুপ্রবেশ না হয়।