
নয়া দিল্লি: ভারতের বাজারে এক নিয়ম, আর বিদেশের বাজারে অন্য নিয়ম! বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ওঠায় এবার কড়া অবস্থান সুপ্রিম কোর্টের (Supreme Court)। ভারতীয় ক্রেতাদের স্বাস্থ্যের সুরক্ষা এবং খাবারের উপাদান সম্পর্কে সঠিক তথ্য জানার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট বক্তব্য, আমেরিকা বা ব্রিটেনের কোনও ক্রেতা যে ধরনের সুরক্ষা ও তথ্য পান, ভারতের ক্রেতারাও তার থেকে কম কিছু পাওয়ার অধিকারী নন। তাই বিভিন্ন দেশে ব্যবসা করা বহুজাতিক খাদ্য সংস্থাগুলিকে সর্বত্র একই মান বজায় রাখার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বরের রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-কে খাবারের প্যাকেটের সামনের দিকে বাধ্যতামূলকভাবে পুষ্টি সংক্রান্ত সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাকেজ নিউট্রিশন লেবেলিং (FoPNL) চালু করার নির্দেশ দিয়েছে। এই লেবেলে খাবারে মোট চিনি, স্যাচুরেটেড ফ্যাট এবং লবণের পরিমাণ বেশি থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্যাকেটের সামনেই সতর্কবার্তা দেখে যাতে ক্রেতারা খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সহজে ধারণা করতে পারেন, সেই ব্যবস্থা করতে বলেছে আদালত।
মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভারতে কাজ করা কয়েকটি বহুজাতিক খাদ্য সংস্থা অন্য দেশে যে ধরনের পণ্য তৈরি করে এবং প্যাকেটে যে তথ্য দেয়, ভারতের ক্ষেত্রে তাদের পদ্ধতি আলাদা। অন্য দেশে তারা FoPNL-এর নিয়ম মেনে চলে। কোনও কোনও ক্ষেত্রে স্বেচ্ছায়ও এই ধরনের পুষ্টি সংক্রান্ত সতর্কতামূলক লেবেল ব্যবহার করে। অথচ ভারতীয় বাজারে একই ধরনের ব্যবস্থা চালুর বিরোধিতা করছে। এমনটা সত্যি হলে তা অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে আদালত।
বিচারপতিদের বক্তব্য, আমেরিকা বা ব্রিটেনের একজন ক্রেতা যে পরিমাণ সুরক্ষা এবং তথ্য পাওয়ার অধিকারী, ভারতের একজন ক্রেতাও ঠিক ততটাই অধিকারী। তাই বহুজাতিক খাদ্য সংস্থাগুলিকে বিভিন্ন দেশে একই মান বজায় রাখতে হবে। বিদেশের ক্রেতাদের স্বাস্থ্যের প্রতি যে গুরুত্ব দেওয়া হয়, ভারতীয় ক্রেতাদের ক্ষেত্রেও একই দায়িত্ব ও সম্মান দেখাতে হবে।
খাবারের প্যাকেটে পুষ্টি সংক্রান্ত সতর্কবার্তা চালুর দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবী রাজীব শঙ্কর দ্বিবেদী কয়েকটি উদাহরণ তুলে পার্থক্যের বিষয়টি তুলে ধরেন।
উদাহরণ হিসেবে তিনি একটি কোমল পানীয়ের কথা বলেন। তাঁর দাবি, ইউরোপে বিক্রি হওয়া ওই পানীয়ের রং হলুদ হলেও ভারতের বাজারে বিক্রি হওয়া একই পানীয়ের রং কমলা। তাঁর অভিযোগ ছিল, বিদেশের বাজারে মান ও লেবেলিংয়ের কঠোর নিয়ম মেনে চললেও ভারতের ক্ষেত্রে একই ধরনের মান বজায় রাখে না কিছু বহুজাতিক সংস্থা।
এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানায়, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এবং বেশি চিনি, স্যাচুরেটেড ফ্যাট ও লবণযুক্ত খাবারের ব্যবহার ক্রমশ বাড়ছে। ফলে জনস্বাস্থ্যের উপর তার প্রভাব নিয়ন্ত্রণ করা জরুরি। শুধু খাবারের উৎপাদন বা বিপণন নয়, মানুষের স্বাস্থ্যের উপর বাণিজ্যিক সিদ্ধান্তের প্রভাবও নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।
এর আগে ১৩ অগস্ট, ২০২৬-এ মামলার শুনানিতে আন্তর্জাতিক পুষ্টি-লেবেলিংয়ের মানদণ্ড অনুসরণে কেন্দ্রের অনীহা নিয়েও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের তরফে বলা হয়েছিল, ভারতের খাদ্যাভ্যাস আন্তর্জাতিক মানদণ্ডের থেকে আলাদা হওয়ায় অন্য দেশের নিয়ম সরাসরি অনুসরণ করা সম্ভব নয়।
এই যুক্তিতে অসন্তোষ প্রকাশ করে আদালত প্রশ্ন তোলে, “ভারত কি অনুন্নত দেশ হিসেবেই থেকে যাবে?” বিচারপতিরা স্পষ্ট করেন, বিষয়টি শুধু খাবারের প্যাকেটে তথ্য দেওয়ার নয়, বরং দেশের নাগরিকদের, বিশেষত শিশুদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত।
চিলি, ইজরায়েল ও কানাডার মতো দেশগুলিতে প্যাকেটজাত খাবারের মোড়কে পুষ্টি সংক্রান্ত সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে বলেও উল্লেখ করে আদালত। বিচারপতিদের মতে, উন্নয়নশীল দেশগুলিও অস্বাস্থ্যকর খাবারের কারণে তৈরি হওয়া জনস্বাস্থ্যের সমস্যার মোকাবিলায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে। তাই ভারতে একটি নির্দিষ্ট ও সহজবোধ্য লেবেলিং ব্যবস্থা চালু হলে ক্রেতারা খাবার কেনার সময় তার পুষ্টিগুণ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।
দেশে স্থূলতা এবং ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারের ক্রমবর্ধমান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ বলে জানিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে স্বাস্থ্য, খাদ্য এবং সচেতনভাবে পছন্দ করার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। পাশাপাশি ৪৭ নম্বর অনুচ্ছেদের সঙ্গে এই অধিকারগুলিকে মিলিয়ে দেখলে জনস্বাস্থ্য এবং পুষ্টির মান উন্নত করার জন্য সরকারের উপর ইতিবাচক দায়িত্ব বর্তায়।
আদালতের মতে, প্যাকেটের সামনের দিকে পুষ্টি সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া হলে এই মৌলিক ও আইনি অধিকারগুলি সুরক্ষিত করা সম্ভব। তবে শুধু নিয়ম প্রস্তাব করলেই হবে না, তার কার্যকর প্রয়োগও নিশ্চিত করতে হবে। FoPNL চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে FSSAI-এর প্রস্তাবের একাধিক খামতি চিহ্নিত করেছে আদালত।
আদালত স্পষ্ট করেছে, FoPNL সংক্রান্ত নিয়মের প্রতিটি খুঁটিনাটি নির্ধারণ করা তাদের কাজ নয়। বরং প্রস্তাবিত ব্যবস্থার মাধ্যমে সতর্কবার্তা চালুর মূল উদ্দেশ্য পূরণ হচ্ছে কি না, সেটাই নিশ্চিত করা তাদের ভূমিকা। FSSAI বিশেষজ্ঞ সংস্থা হলেও তার প্রস্তাবে এমন কোনও খামতি থাকলে, যা সতর্কবার্তা চালুর উদ্দেশ্যকেই ব্যর্থ করে দিতে পারে, সেক্ষেত্রে আদালত নীরব থাকতে পারে না।
খাবারের প্যাকেটে সতর্কবার্তা চালু হওয়ার পর সংস্থাগুলি পণ্যের উপাদান বদলে সেই নিয়ম এড়ানোর চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, সতর্কবার্তা এড়াতে কোনও সংস্থা খাবারে চিনি, স্যাচুরেটেড ফ্যাট বা লবণের পরিমাণ কমিয়ে তার পরিবর্তে কৃত্রিম প্রিজারভেটিভ, ইমালসিফায়ার কিংবা অন্যান্য অ্যাডিটিভের ব্যবহার বাড়াতে পারে। খাবারের স্বাদ, গঠন, সংরক্ষণের মেয়াদ বা অন্যান্য বৈশিষ্ট্য বজায় রাখতেই এমনটা করা হতে পারে।
কিন্তু তাতে খাবারটি আদৌ স্বাস্থ্যকর হয়ে উঠবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আদালতের মতে, কোনও পণ্যের মোড়কে সতর্কবার্তা না থাকলেই সেটিকে স্বাস্থ্যকর বলে ধরে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। অথচ সেই খাবারে এমন কিছু অ্যাডিটিভ থাকতে পারে, যেগুলির স্বাস্থ্যগত প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। তাতে পুষ্টি সংক্রান্ত সতর্কবার্তা চালুর মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে।