
নয়া দিল্লি: ফ্লাইটে হ্যান্ড ব্যাগেই নিয়ে যেতে বলা হয় পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল ফোন। যাত্রী হ্যান্ড ব্যাগেই তা নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তা করতে গিয়েই বিমানে ভয়াবহ বিপত্তি। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো (IndiGo) বিমানের অভ্যন্তরে পাওয়ার ব্যাঙ্ক থেকে হঠাৎ আগুন ধরল। বিমান তখন মাঝআকাশে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ বিমানের গতিপথ পরিবর্তন করে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিমানটি দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝপথে এক যাত্রীর ব্যাগে থাকা পাওয়ার ব্যাঙ্কে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পান কেবিন ক্রু সদস্যরা। সময়মতো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ নেওয়া হয়। পাশাপাশি প্রটোকল মেনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কোনও ধরনের ঝুঁকির ঝুঁকি না নিয়ে বিমানটিকে নিকটবর্তী হায়দরাবাদ বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
হায়দরাবাদে বিমানটির নিরাপদ অবতরণ নিশ্চিত করা হয়েছে। যাত্রী ও কেবিন ক্রু—সকলেই সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। কীভাবে এবং কেন পাওয়ার ব্যাঙ্কটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখতে এয়ারলাইন্স ও বিমান চলাচল সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা তদন্ত শুরু করেছে।