Vande Mataram Song: ‘বন্দে মাতরম’-কে অসম্মান করলেই তিন বছরের জেল অবধারিত! কঠোর বিল আনছে কেন্দ্র

Parliament New Bill: জাতীয় সঙ্গীত অবমাননার ক্ষেত্রে যেমন কড়া আইন আনছে, একইভাবে জাতীয় গান বন্দে মাতরমকে অপমান করাও এবার শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য করা হবে। এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত বিলটির নাম জাতীয় সম্মানের অপমান প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬।

Vande Mataram Song: বন্দে মাতরম-কে অসম্মান করলেই তিন বছরের জেল অবধারিত! কঠোর বিল আনছে কেন্দ্র
বন্দে মাতরম-কে অসম্মান করলেই জেল।Image Credit source: PTI

|

Jul 18, 2026 | 8:39 AM

নয়া দিল্লি: সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। আর সেই অধিবেশনেই বন্দে মাতরম (Vande Mataram) সঙ্গীত নিয়ে আসছে  বিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) লেখা এই সঙ্গীতের যাতে কোনওভাবে অবমাননা না করা হয়, তার জন্য কঠোর আইন আনছে কেন্দ্র। এবার ‘বন্দে মাতরম’ গানকে অপমান করলে বা ইচ্ছাকৃতভাবে গান থামিয়ে দেওয়া বা বাধা দিলে, সোজা হাজতবাস করতে হবে। 

বন্দে মাতরম-কে সম্মান-

বন্দে মাতরমকে জাতীয় গানের মর্যাদা দিয়েছে বিজেপির সরকার। বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। শুধু জাতীয় সঙ্গীতই নয়, জাতীয় গান ‘বন্দে মাতরম’ গান গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র সঙ্গে বন্দে মাতরম-ও গাইতে হবে এবং তাও ছয়টি স্তবকই পুরো গাইতে হবে।

নতুন বিল-

জাতীয় সঙ্গীত অবমাননার ক্ষেত্রে যেমন কড়া আইন আনছে, একইভাবে জাতীয় গান বন্দে মাতরমকে অপমান করাও এবার শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য করা হবে। এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত বিলটির নাম জাতীয় সম্মানের অপমান প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬ (Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026)। ২০ জুলাই বাদল অধিবেশন শুরুর পরই এই বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেয়েছে এই বিল। এবার সংসদে পেশ করার পালা। লোকসভা ও রাজ্যসভা-সংসদের দুই কক্ষে বিল পাশ হয়ে গেলে, রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইন লাগু হবে দেশে।

কী পরিবর্তন হবে?

বর্তমানে জাতীয় সম্মান আইন, ১৯৭১-এ ভারতের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীত-কে অপমান বা অবমাননা করা অপরাধ বলে গণ্য করা হয়। কেউ যদি জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় বা মাঝপথে গান থামিয়ে দেয়, তাহলে তাকে জরিমানা ও শাস্তি দেওয়ার বিধান আছে এই আইনে।  

কেন্দ্রের সংশোধনী বিলে এবার জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় গান বন্দে মাতরমকেও সমান মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয়  সঙ্গীতের মতোই সম্মান করতে হবে বন্দে মাতরম-কেও।

কী শাস্তি হবে?

প্রস্তাবিত বিলে বলা হয়েছে যে বন্দে মাতরম সঙ্গীতকে ইচ্ছাকৃতভাবে অপমান করলে বা  এই সঙ্গীত গাইতে বাধা দিলে-

  • তিন বছর পর্যন্ত জেল
  • জরিমানা 
  • জেল ও জরিমানা-উভয় শাস্তিই হতে পারে।

সম্প্রতিই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় সঙ্গীত, জাতীয় গান, রাজ্য সঙ্গীত নিয়ে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।

Follow Us