ITBP DG on India-China Clash: অরুণাচল প্রদেশে ভারত-চিনের মধ্যে সংঘাত চলছে, প্রথমবার মানলেন ITBP প্রধান, কী পরিস্থিতি সেখানে?

Arunachal Pradesh LAC: ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। পরবর্তী সময়ে কূটনৈতিক ও সামরিক স্তরে পরিস্থিতি স্বাভাবিক করার একাধিক উদ্যোগ নেয় নয়া দিল্লি ও বেজিং। এরই মধ্যে অরুণাচল সীমান্তে সাম্প্রতিক সংঘাত নিয়ে আইটিবিপি প্রধানের এই মন্তব্য নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ITBP DG on India-China Clash: অরুণাচল প্রদেশে ভারত-চিনের মধ্যে সংঘাত চলছে, প্রথমবার মানলেন ITBP প্রধান, কী পরিস্থিতি সেখানে?
আইটিবিপির ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুর।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 23, 2026 | 2:38 PM

জয়পুর: অরুণাচল প্রদেশে আন্তর্জাতিক সীমান্তে ভারত-চিনের মুখোমুখি সংঘাত! এখনও কাটেনি উত্তেজনা, মন্তব্য আইটিবিপি প্রধানের।  লাদাখের গালওয়ান সংঘর্ষের ছয় বছর পর ফের ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ। অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় সাম্প্রতিক সময়ে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানালেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) প্রধান শত্রুজিৎ সিং কাপুর। তাঁর দাবি, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে আইটিবিপির জওয়ানদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে অরুণাচল সীমান্তের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন বাহিনীর প্রধান। বাহিনীর নবগঠিত ‘শৌর্য কমান্ডো’দের ভূমিকার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “গত কয়েক দিনে অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি এখনও চলছে”। তার এই মন্তব্যই প্রথম অফিসিয়াল বিবৃতি যেখানে অরুণাচল প্রদেশের উত্তর-পূর্ব সীমান্তে চিনের সঙ্গে সংঘর্ষের কথা স্বীকার করা হল।

আইটিবিপির ডিরেক্টর শত্রুজিৎ কাপুর জানিয়েছেন, গত জুলাই মাস থেকেই সংঘর্ষ, উত্তেজনা চলছে। চিনা বাহিনী তাকসিং এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশে গুরুত্বপূর্ণ পেট্রোলিং পয়েন্টগুলিতে ভারতীয় সেনাবাহিনীকে যেতে বাধা দিচ্ছে।

আইটিবিপি প্রধানের কথায়, সংঘাতের পরিস্থিতিতে বাহিনীর শৌর্য কমান্ডোরা অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। উল্লেখ্য, ১৯৬২ সালে তৈরি হওয়া আইটিবিপি মোট ৩৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাহারা দেয়। ২০০৪ সাল থেকে চিনের সীমান্তে মোতায়েন রয়েছে।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। পরবর্তী সময়ে কূটনৈতিক ও সামরিক স্তরে পরিস্থিতি স্বাভাবিক করার একাধিক উদ্যোগ নেয় নয়া দিল্লি ও বেজিং। এরই মধ্যে অরুণাচল সীমান্তে সাম্প্রতিক সংঘাত নিয়ে আইটিবিপি প্রধানের এই মন্তব্য নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। উত্তর-পূর্ব ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারি স্তরে প্রকাশ্যে আসা এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা।

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চিন। অন্যদিকে, ভারত বরাবরই স্পষ্ট করেছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই প্রেক্ষাপটে সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আইটিবিপি প্রধানের বক্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আইটিবিপি প্রধানের মন্তব্যের পরই কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব চেয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন যে চিন নতুন করে অরুণাচল প্রদেশের কোনও অংশ দখল করেনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us