
বেঙ্গালুরু: কর্নাটকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়াকে ঘিরে তীব্র চাপানউতোর। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ (Form 7)-এর অপব্যবহারের অভিযোগ তুলে বেঙ্গালুরুর মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্য ও কংগ্রেসের বিধায়করা। এই ধর্না নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
এক্স-এ পোস্ট করে প্রহ্লাদ যোশী লেখেন, “রাজ্যে খরা পরিস্থিতি, কৃষকদের দুর্দশা এবং সাধারণ মানুষের জরুরি সমস্যার দিকে মুখ্যমন্ত্রীর নজর দেওয়া উচিত। এই বিষয়গুলিতে অগ্রাধিকার না দিয়ে শিবকুমার বেঙ্গালুরুর CEO দফতরের সামনে আচমকা ধর্নায় বসেছেন।” এমনকী, এই প্রতিবাদের জন্য মন্ত্রিসভার বৈঠকও পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ರಾಜ್ಯದಲ್ಲಿ ಬರಗಾಲ, ರೈತರ ಸಂಕಷ್ಟ ಹಾಗೂ ಜನರ ಜ್ವಲಂತ ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಪರಿಹಾರ ಕಂಡುಕೊಳ್ಳುವತ್ತ ಗಮನಹರಿಸಬೇಕಾದ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಡಿ.ಕೆ. ಶಿವಕುಮಾರ್ @DKShivakumar ಅವರು, ಬೆಂಗಳೂರಿನ ಕರ್ನಾಟಕ ಮುಖ್ಯ ಚುನಾವಣಾಧಿಕಾರಿಗಳ ಕಚೇರಿ ಎದುರು ಏಕಾಏಕಿ ಧರಣಿ ನಡೆಸಿರುವುದು ಅತ್ಯಂತ ವಿಷಾದನೀಯ.
ಚುನಾವಣಾ ಪ್ರಕ್ರಿಯೆ, ಎಸ್ ಐ ಆರ್ ಪ್ರಕ್ರಿಯೆ,…
— Pralhad Joshi (@JoshiPralhad) October 1, 2026
প্রহ্লাদ যোশীর বক্তব্য, “নির্বাচন প্রক্রিয়া, এসআইআর (SIR), ফর্ম-৭ এবং ভোটার তালিকা সংশোধনের নিয়ম সম্পর্কে নির্বাচন আধিকারিকদের পাশাপাশি বিএলএ এবং বিএলও-দেরও যথেষ্ট ধারণা রয়েছে। নির্বাচন কমিশনও গোটা প্রক্রিয়ার উপর নিয়মিত নজর রাখে”।
পাশাপাশি শিবকুমারের আন্দোলনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, ‘সন্দেহজনক ভোটারদের’ রক্ষা করা এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে সন্তুষ্ট করার জন্যই এই ধর্না করা হচ্ছে। এই আন্দোলনকে মানুষের মধ্যে ‘ভিত্তিহীন আতঙ্ক’ তৈরি করে বিভ্রান্ত করার চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
বেঙ্গালুরুতে কোথায় বিক্ষোভ বা ধর্না করা যায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রহ্লাদ যোশী। তাঁর দাবি, ফ্রিডম পার্ক (Freedom Park) ছাড়া শহরের অন্যত্র প্রতিবাদ করার অনুমতি নেই। অন্য কেউ নিয়ম ভেঙে ধর্নায় বসলে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। তাহলে সিইও দফতরের সামনে ধর্নায় বসার ঘটনায় এখনও কেন এফআইআর (FIR) দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তোলেন কেন্দ্রীয় মন্ত্রী।
কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের অভিযোগ, ফর্ম-৭ -এর মাধ্যমে যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর জন্য বড় আকারে আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি এই অভিযোগের তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিপুল সংখ্যায় ফর্ম-৭ জমা পড়েছে এবং এর পিছনে কোনও সংগঠিত প্রক্রিয়া রয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন।
শিবকুমার জানিয়েছেন, যোগ্য ভোটারদের ভোটাধিকার রক্ষা করাই তাঁর দায়িত্ব। অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।