Lok Sabha Election Result 2024: তেলঙ্গানায় এখনও ‘শূন্য’ কেসিআর-এর দল! ফাঁকা মাঠে খেলছে কংগ্রেস-বিজেপি

K Chandrasekhar Rao: বিআরএস হল এমন একটি দল, যারা এই মুহূর্তে কোনও জোটের মধ্যে নেই। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট কিংবা কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, দু'টির কোনওটিতেই নেই কে চন্দ্রশেখর রাওয়ের দল। গত বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর এবারের লোকসভা নির্বাচন বিআরএসের কাছে ছিল নিজেদের শক্তি পরীক্ষার মঞ্চ।

Lok Sabha Election Result 2024: তেলঙ্গানায় এখনও শূন্য কেসিআর-এর দল! ফাঁকা মাঠে খেলছে কংগ্রেস-বিজেপি
কী অবস্থা কেসিআর-এর দলেরImage Credit source: TV9 Bangla

|

Jun 04, 2024 | 1:04 PM

হায়দরাবাদ: মাঝ দুপুর অতিক্রান্ত। এখনও পর্যন্ত তেলঙ্গানায় খাতাই খুলতে পারছে না কে চন্দ্রশেখর রাওয়ের দল। তেলঙ্গানায় মোট ১৭টি লোকসভা আসন রয়েছে। দুপুর একটা পর্যন্ত যা ট্রেন্ড, তেলঙ্গানায় বিজেপি ও কংগ্রেস উভয়েই আটটি করে আসনে এগিয়ে রয়েছে। আর হায়দরাবাদ আসন থেকে প্রত্যাশিতভাবেই এগিয়ে রয়েছেন মিম-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। গত বছরের শেষে বিধানসভা নির্বাচনে তেলঙ্গানা হাতছাড়া হয়েছিল কেসিআর-দের। রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস শিবির। আর এবার লোকসভা নির্বাচনেও এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে শূন্যই রয়ে যাচ্ছে বিআরএস শিবির।

উল্লেখ্য, বিআরএস হল এমন একটি দল, যারা এই মুহূর্তে কোনও জোটের মধ্যে নেই। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট কিংবা কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, দু’টির কোনওটিতেই নেই কে চন্দ্রশেখর রাওয়ের দল। গত বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর এবারের লোকসভা নির্বাচন বিআরএসের কাছে ছিল নিজেদের শক্তি পরীক্ষার মঞ্চ।

কিন্তু এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ফের একবার বড় ধাক্কা খেতে চলেছে কেসিআরের দল। আঞ্চলিক দলগুলির যখন শক্তিপরীক্ষার লড়াই চলছে লোকসভা ভোটে, তখন তেলঙ্গানার জন্য এই ট্রেন্ড উদ্বেগ বাড়াচ্ছে বিআরএস শিবিরের। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দুপুর একটা পর্যন্ত হিসেব অনুযায়ী, কোথাও দাঁত ফোটানোর সুযোগ পাচ্ছে না কেসিআর-এর দল। যদিও ভোটগণনা পর্ব এখনও চলছে এবং যে কোনও সময়ে এই ট্রেন্ড বদলের সম্ভাবনাও রয়েছে।

 

Follow Us