
নয়া দিল্লি: ‘ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরও ফর্ম ৬-এর মাধ্যমে বিপুল সংখ্যক নতুন ভোটারের নাম যুক্ত করা হচ্ছে, যা বেআইনি।’ এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্টে আবেদন জানালেন আইনজীবী মেনকা গুরুস্বামী। এসআইআর (SIR) প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছেন তিনি। ফর্ম ৬ নিয়ে রাজ্যে তৃণমূলের নেতা-নেত্রীরা বারবার সরব হয়েছেন। বেআইনিভাবে গুচ্ছ গুচ্ছ ফর্ম নির্বাচন কমিশনের দফতরে জমা করা হয়েছে বলেও অভিযোগ তোলে তৃণমূল। আর এবার সেই ইস্যুতেই আবেদন সুপ্রিম কোর্টে।
আইনজীবী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মেনকার মৌখিক আবেদনের শুনানি করতে রাজি হননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। কটাক্ষ করে প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, “এবার শুধু পশ্চিমবঙ্গের এসআইআর-এর শুনানি করার জন্য একটা বেঞ্চ গঠন করতে হবে।” এই বিষয়ে নিয়মমাফিক পিটিশন ফাইল করলে সুপ্রিম কোর্ট শুনানি করবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।
মিডিয়া রিপোর্ট উল্লেখ করে মেনকা অভিযোগ করেন, প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। এরপর কীভাবে নতুন ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে অ্যাপেলেট ট্রাইবুনাল যাদের নামের নিষ্পত্তি করছে, শুধুমাত্র তাদের নামই যুক্ত হবে। সুপ্রিম কোর্টে গত ১৩ এপ্রিলের শুনানির ভিত্তিতে দেওয়া অর্ডারে স্পষ্ট বলা আছে, কাট অফ ডেট-এর পর নতুন কোনও নাম যুক্ত হবে না। শুধুমাত্র ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া নাম যুক্ত হতে পারে।
মেনকার যুক্তি, শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট বলেছিলেন, কাট অফ ডেট-এর পর ফর্ম ৬-এর মাধ্যমে নতুন যে ভোটারদের নাম যুক্ত হচ্ছে, তারা এবার ভোটাধিকার পাবেন না। যেহেতু মিডিয়া রিপোর্ট উল্লেখ করে মেনকা মৌখিক আবেদন করেন, তাই তাঁর আবেদন শুনতে রাজি হয়নি প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। এ বিষয়ে নিয়মমাফিক পিটিশন ফাইল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।