
নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়ে সতর্ক থাকুন। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সতর্ক করা হল সাধারণ মানুষকে। আজ, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) দেশের মানুষের কাছে অনুরোধ জানাল যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেন গোপন ও ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো তথ্যের অপব্যবহার হতে পারে বলেই সতর্ক করল কেন্দ্র।
দেশ জুড়ে সাইবার অডিটের পথে কেন্দ্র। হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ে জারি করা হল নির্দেশিকা। কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব খুললেই সাবধান থাকতে বলা হল। টানা লগ ইন করে রাখা নয়, কাজ শেষের পর ‘লগ আউট’ করবেন অবশ্যই, পরামর্শ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন সক্রিয় থাকলে সাইবার ক্রিমিনালরা তার মাধ্যমে প্রাইভেট কথোপকথন পড়ে নিতে পারে, কনট্যাক্ট লিস্ট পেয়ে যেতে পারে, এমনকী ওই ব্যক্তি সেজে মেসেজও পাঠাতে পারে। হোয়াটসঅ্যাপ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে প্রতারণা, ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ব্যবহার করতে পারে না।
একইসঙ্গে অফিস, হোটেল, সাইবার ক্যাফেতে শেয়ার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। অযাচিত সদস্য, নিষ্ক্রিয় সদস্যদের গ্রূপ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষে শুধুমাত্র ব্রাউজার ট্যাব বন্ধ করলে হবে না, প্রতিবার কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ লগ আউট করতে বলা হয়েছে।
সাইবার ক্রাইম কো-অর্ডিনেশনের থ্রেট অ্যানালিটিক্যাল শাখার তরফে পরামর্শ দেওয়া হয়েছে যে যদি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতেই হয়, তাহলে ইনকগনিটো মোড বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করতে। এছাড়া অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও সিকিউরিটি সফটওয়্যার আপডেট করে রাখতে। এর জন্য সন্দেহজনক ডাউনলোড, অচেনা ফাইল ডাউনলোড না করতেও পরামর্শ দেওয়া হয়েছে।
দেশ জুড়ে বহু ব্যবসায়িক সংগঠন, সংস্থাকে টার্গেট করেছে পাক হ্যাকাররা। টার্গেটে রয়েছে প্রতিরক্ষা, সেনা, আধা-সেনা, সিভিল ডিফেন্সের হোয়াটসঅ্যাপও। অন্তত ৫০টি গ্ৰুপ এবং দু’ডজন আধিকারিকের উপর নজর গোয়েন্দাদের।
জানা গিয়েছে, ৯০ দিন ধরে চলবে গুরুত্বপূর্ণ দফতরে চলবে সাইবার অডিট। পাক চরেরা মৃত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে বলে অভিযোগ। এনএসজি (NSG), সিআরপিএফ (CRPF), কমান্ডো এমনকী সাধারণ মানুষের ফোনেও হানার চেষ্টা করছে তারা। সতর্কতায় সব এজেন্সিকে অডিট চালানোর নির্দেশ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট শাখার।