
মুম্বই: উৎসবের মরসুমে বড়সড় নাশকতার ছক বানচাল। গ্রেনেড হামলায় অমিতাভ বচ্চনের বাংলো ওড়ানোর হুমকির খবরে শোরগোল পড়ে গিয়েছিল গতকাল। তার কয়েক ঘণ্টার মধ্যে সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস। ধৃত ব্যক্তির নাম মহম্মদ হাসান আবু সরমদ আখতার। জইশ জঙ্গি সন্দেহে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
মুম্বইয়ে জঙ্গি দমন শাখার (ATS) বড়সড় অভিযান। মাহিম এলাকায় মেট্রো স্টেশনের কাছে লক্ষ্মী বিল্ডিং চত্বর থেকে তাঁকে গ্রেফতার করেছে এটিএস। ধৃতের মোবাইল ফোনে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বক্তৃতার অডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরের সময় নিরাপত্তায় গাফিলতি সংক্রান্ত একটি খবরের বিষয়ে আপত্তিকর মন্তব্য করারও অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে।
তদন্তকারীদের সন্দেহ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উস্কানি দিতেন অভিযুক্ত। তিনি একটি টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করতেন বলেও জানা গিয়েছে। সেই গ্রুপে মাসুদ আজহারের বক্তৃতার অডিয়ো আপলোড করা হয়েছিল বলে অভিযোগ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের অনলাইন কার্যকলাপ এবং অন্য সন্দেহভাজনদের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়েও তদন্ত চলছে।
তদন্তকারীদের দাবি, ধৃত মহম্মদ হাসান আবু সরমদ আখতার পেশায় আতর বিক্রেতা। পাশাপাশি, তিনি অ্যাপ ক্যাবও চালান। এই পেশার আড়ালে ভারতে নেটওয়ার্ক ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। জইশ-ই-মহম্মদের সঙ্গে তাঁর যোগসূত্র কতটা, তিনি কোনও দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।