Mumbai: লোকাল ট্রেনে বেল্ট খুলে মহিলাকে মার, নৃশংসতায় শিউরে উঠলেন সবাই
Mumbai Local Train Assault: ভিডিয়োতে দেখা যায়, মহিলাকে রিজওয়ান মারধর করলেও আশপাশের ব্যক্তিরা কোনও প্রতিবাদ করেননি। তাঁরা চুপচাপ বসে থাকেন। ওই কামরার অন্য যাত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন, কেন কেউ কোনও প্রতিবাদ করলেন না? একজন মহিলাকে মারধরের পরও কীভাবে সহযাত্রীরা চুপ করে রইলেন?

মুম্বই: লোকাল ট্রেনের কামরায় সিট নিয়ে বচসা। তার জেরেই বেল্ট খুলে মহিলাকে মারধর! মুম্বইয়ে লোকাল ট্রেনে নৃশংস এই ঘটনা ক্যামেরাবন্দি করেন এক সহযাত্রী। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ মুম্বইয়ের হারবার লাইনের গোরেগাঁও থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)-গামী একটি লোকালে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ রিজওয়ান আনসারি। সিট নিয়ে ওই মহিলা যাত্রীর সঙ্গে বছর ছত্রিশের রিজওয়ানের বচসা শুরু হয়। অভিযোগ, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই মহিলাকে প্রথমে হাত দিয়ে মারধর করেন। তারপরই কোমরের বেল্ট খুলে আঘাত করেন। মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও উঠেছে। ট্রেনের এক সহযাত্রী গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তবে ভিডিয়োতে দেখা যায়, মহিলাকে রিজওয়ান মারধর করলেও আশপাশের ব্যক্তিরা কোনও প্রতিবাদ করেননি। তাঁরা চুপচাপ বসে থাকেন। ওই কামরার অন্য যাত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন, কেন কেউ কোনও প্রতিবাদ করলেন না? একজন মহিলাকে মারধরের পরও কীভাবে সহযাত্রীরা চুপ করে রইলেন? ভাইরাল ভিডিয়ো দেখেই তদন্তে নামে আন্ধেরি গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP)। ভিডিয়োর সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করে ওয়াডালা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৪ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কোনও মহিলার শ্লীলতাহানি করার উদ্দেশ্যে তাঁর উপর হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহম্মদ রিজওয়ান আনসারি ওয়াডালা স্টেশনে নেমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তিনি নিজেই ওয়াডালা জিআরপি-তে গিয়ে বলেন, একজন ট্রান্সজেন্ডারের সঙ্গে তাঁর তর্ক হয়েছিল। পুলিশ ভাইরাল ভিডিয়োটি পর্যবেক্ষণ করে। তারপর গোভান্ডি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
