
হায়দরাবাদ: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ কর্মসূচিতে যোগ দিতে সোমবার হায়দরাবাদে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পদযাত্রায় যোগ দেওয়ার আগে হায়দরাবাদে একাধিক বিশিষ্ট ব্যবসায়ী এবং তেলুগু চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁর সঙ্গে দেখা করেন মাই হোম গ্রুপের চেয়ারম্যান তথা তেলঙ্গানার বিশিষ্ট শিল্পপতি জুপল্লি রামেশ্বর রাও। হায়দরাবাদের বেগমপেট এলাকার একটি হোটেলে মধ্যাহ্নভোজের একটি অনুষ্ঠানে এই সাক্ষাৎ হয়। সেখানে ব্যবসা ও বিনোদন জগতের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
মন্দিরে পুজো দিয়ে হায়দরাবাদ সফর শুরু অমিত শাহের-
এদিন হায়দরাবাদে পৌঁছতেই বিজেপি নেতা-কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান অমিত শাহকে। বেগমপেট বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি-সহ দলের একাধিক শীর্ষ নেতা। বিমানবন্দর থেকে বেরিয়ে ঐতিহাসিক চারমিনারের কাছে দেবী ভাগ্যলক্ষ্মী মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নেন তিনি। এরপর নির্ধারিত মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে যোগ দিতে বেগমপেট এলাকার ওই হোটেলে পৌঁছন।
ওই মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে তেলুগু চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন প্রবীণ অভিনেতা চিরঞ্জীবী এবং তাঁর ছেলে তথা অভিনেতা রাম চরণ। দু’জনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কেন গুরুত্বপূর্ণ জুপল্লি রামেশ্বর রাওয়ের সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ?
My Home Group-র চেয়ারম্যান জুপল্লি রামেশ্বর রাও। রিয়েল এস্টেট, সিমেন্ট-সহ একাধিক ক্ষেত্রে ব্যবসা রয়েছে এই শিল্পগোষ্ঠীর। তেলঙ্গানার শিল্প ও কর্পোরেট জগতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি। অমিত শাহের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ এমন এক সময়ে হল, যখন তেলঙ্গানায় রাজনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার করছে বিজেপি। দলের পদযাত্রার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হায়দরাবাদ সফরের কর্মসূচিতে বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের সঙ্গে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব পেয়েছে।