NDMA Disaster Alert Message: কিছুক্ষণের মধ্যেই হঠাৎ জোরে বেজে উঠবে আপনার ফোন! সতর্ক থাকুন
Emergency Alert System India: নতুন সেল ব্রডকাস্ট টেকনোলজি আরও আপগ্রেড করেছে। অ্যালার্ট পাঠানো হলে, জোরে অ্যালার্মের শব্দ হতে থাকে, সঙ্গে স্ক্রিনে সতর্কতা মেসেজ আসে। অ্যালার্ট এলে সাধারণ ফোন সেটিংকেও বদলে দেয় অর্থাৎ ফোন সাইলেন্ট থাকলে বা এয়ারপ্লেন মোড অন থাকলেও, এই অ্যালার্ট আসবে।

নয়া দিল্লি: আপনার ফোন কি হঠাৎ জোরে জোরে বাজতে শুরু করেছে? কিছু করেননি, তাও এমন বিকট শব্দ হচ্ছে ফোন থেকে? চিন্তা বা আতঙ্কিত হওয়ার কারণ নেই, আপনার ফোনে আসছে আর্জেন্ট অ্যালার্ট (Urgent Alert)। পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। কীসের জন্য জানেন?
শনিবার সকাল থেকেই দেশের লক্ষ লক্ষ মানুষের ফোনে বিকট শব্দ হতে শুরু করেছে। মোবাইলের স্ক্রিনে ফুটে উঠেছে টেস্ট মেসেজ, তাতে লেখা এক্সট্রিমলি সেভেয়ার অ্যালার্ট (Extremely Severe Alert)। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে নিজস্ব সেল ব্রডকাস্ট ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম।
কী এই অ্যালার্ট?
দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ইন্সট্যান্ট ডিজাস্টার অ্যালার্টিং সার্ভিস। কোনও বিপদ হলে বা বিপর্যয় এলে, সাধারণ মানুষকে সতর্ক করতে এই অ্যালার্ট দেওয়া হবে। এটি চালু বা বন্ধ করার কোনও অপশন থাকবে না সাধারণ মানুষের কাছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ, ২ মে এই অ্যালার্ট লঞ্চ করেন। যেখান থেকে এই অ্যালার্ট পাঠানো হবে, সেই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে সচেত (SACHET)। সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলেমেটিকস, যা সি-ডট (C-DOT) নামে পরিচিত, তারাই এই অ্যালার্ট সিস্টেম তৈরি করেছেন। বর্তমানে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু রয়েছে অ্যালার্ট সিস্টেম।
কত অ্যালার্ট পাঠানো হয়েছে?
কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সিস্টেম থেকে ১৯টিরও বেশি ভাষায় ১৩৪ বিলিয়ন অর্থাৎ ১৩ হাজার ৪০০ কোটি অ্যালার্ট পাঠানো হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়ার সতর্কতা, সাইক্লোন অ্যালার্ট দেওয়া হয়েছে।
কীভাবে অ্যালার্ট আসবে?
আগে যেমন এসএমএসের মাধ্যমে অ্যালার্ট পাওয়া যেত, নতুন সেল ব্রডকাস্ট টেকনোলজি আরও আপগ্রেড করেছে। অ্যালার্ট পাঠানো হলে, জোরে অ্যালার্মের শব্দ হতে থাকে, সঙ্গে স্ক্রিনে সতর্কতা মেসেজ আসে। অ্যালার্ট এলে সাধারণ ফোন সেটিংকেও বদলে দেয় অর্থাৎ ফোন সাইলেন্ট থাকলে বা এয়ারপ্লেন মোড অন থাকলেও, এই অ্যালার্ট আসবে।
এই অ্যালার্ট সিস্টেম মূলত প্রাকৃতিক বিপর্যয়, যেমন ভূমিকম্প, সুনামি, বজ্রপাত এবং মানব সৃষ্ট সঙ্কট যেমন গ্যাস লিক বা কেমিক্যাল লিক হলে সাধারণ মানুষকে সতর্ক করতে সাহায্য করবে। সমস্ত মোবাইলেই এই অ্যালার্ট আসবে।
