NCP Merger Talk: ‘অজিত পওয়ারের মৃত্যুর পরই…’, দুই NCP কি মিলে যাবে? বড় কথা বলে দিলেন শরদ-কন্যা

Supriya Sule-Sunetra Pawar: বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে মহারাষ্ট্র তথা দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এনসিপি। চলতি মাসের শুরুতে শরদ পওয়ার যখন শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন তাঁকে দেখতে গিয়েছিলেন সুনেত্রা পওয়ার।

NCP Merger Talk: অজিত পওয়ারের মৃত্যুর পরই..., দুই NCP কি মিলে যাবে? বড় কথা বলে দিলেন শরদ-কন্যা
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Nov 15, 2026 | 1:26 PM

মুম্বই: মহারাষ্ট্রে রাজনীতিতে মহা নাটক! এনসিপি(NCP)-কে নিয়ে জোর জল্পনা। বছর খানেক আগে শরদ পওয়ারের (Sharad Pawar) তৈরি করা দল ভেঙে দুই টুকরো হয়েছিল। সেই দলই কি আবার জোড়া লাগবে? কী বলছেন সুনেত্রা পওয়ার(Suntra Pawar)-সুপ্রিয়া সুলে (Supriya Sule)?

বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে মহারাষ্ট্র তথা দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এনসিপি। চলতি মাসের শুরুতে শরদ পওয়ার যখন শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন তাঁকে দেখতে গিয়েছিলেন সুনেত্রা পওয়ার। এরপরই জল্পনা শুরু হয় যে অজিত পওয়ার আকস্মিক প্রয়াণের পর থেকেই দুই এনসিপির এক হয়ে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটাই কি সত্যি হবে?

দুই দলের নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক সেই জল্পনায় আরও ঘি ঢেলেছিল। তবে শনিবার, ১৪ নভেম্বর দুই দলই কার্যত জল ঢালল জল্পনায়। শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সাফ জানাল যে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ারের নেতৃত্বে থাকা এনসিপির সঙ্গে মিলে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এনসিপি (এসপি)-র মুখপাত্র প্রবীণ কুন্তে পাটিল বলেন, “এই জল্পনা সম্পূর্ণ মিথ্যা। যারা আমাদের দলের সঙ্গে মিশে যেতে চান, তারা আমাদের দলে যোগ দিন। মহারাষ্ট্রের নানা সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতেই এই গুজব রটানো হচ্ছে”।

শুক্রবার সুপ্রিয়া সুলে-ও জানিয়েছিলেন যে অজিত পওয়ারের মৃত্যুর পরই দুই এনসিপির এক হয়ে যাওয়ার আলোচনা শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, “যখন আমার দাদা (অজিত পওয়ার) যখন বেঁচেছিলেন, তখন মার্জার নিয়ে আলোচনা হয়েছিল। একটা তারিখও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু দাদার মৃত্যুর পর আমার কাছে এবং আমাদের দলের কাছে এই ইস্যু সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।”

এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে সুনেত্রা পওয়ারের সঙ্গে বৈঠকে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us