UPI Charges: UPI ব্যবহারকারীদের জন্য বড় বার্তা কেন্দ্রের, জেনে নিন সবটা
UPI will remain free for citizens: সম্প্রতি পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে সংশোধনের প্রস্তাব ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এই সংশোধনীকে সাধারণ UPI ব্যবহারকারীদের উপর চার্জ চাপানোর পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছেন। কেন্দ্র জানিয়ে দিল, এই ধারণা ভুল। সংশোধনীটি আসলে UPI-এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, প্রযুক্তিগত উন্নয়ন এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থাটিকে আরও শক্তিশালী করার জন্য একটি পদক্ষেপ।

নয়াদিল্লি: UPI (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) ব্যবহারের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও লেনদেনের চার্জ দিতে হবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রেও UPI-তে অধিকাংশ লেনদেন বিনামূল্যেই থাকবে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট (PSS Act)-এ প্রস্তাবিত সংশোধনীকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এই কথা স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে, এই সংশোধনীর মূল উদ্দেশ্য হল আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়ানো, UPI-এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা, প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো এবং ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকির মোকাবিলায় UPI ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
কেন্দ্র জানাল, UPI-এর মাধ্যমে পেমেন্ট করার সময় সাধারণ গ্রাহকদের কোনও লেনদেনের চার্জ দিতে হবে না। P2P লেনদেন বিনামূল্যেই হবে। অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির (Person-to-Person) সমস্ত UPI লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নামমাত্র MDR। অর্থাৎ ভবিষ্যতে যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু করা হয়, তা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নির্দিষ্ট সীমার বেশি লেনদেনের ক্ষেত্রে নামমাত্র হারে MDR নেওয়া হতে পারে। তবে সেই হার ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের MDR-এর তুলনায় অনেকটাই কম হবে।
কেন্দ্র আরও স্পষ্ট করে দিল, অধিকাংশ মার্চেন্ট লেনদেন বিনামূল্যেই থাকবে। UPI-এর মাধ্যমে ব্যবসায়ীদের অধিকাংশ লেনদেনে কোনও চার্জ নেওয়া হবে না। MDR চালু হলেও তা সব লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে নেওয়া হবে না। বরং নির্দিষ্ট সীমা অতিক্রম করা লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সংসদে ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ (সংশোধনী) বিল’ পাশ হয়ে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০এ ধারায় সংশোধন আনা হলে, MDR নেওয়া হবে কি না এবং হলে কতটা হবে, তা ঠিক করবে NPCI-র নেতৃত্বাধীন ‘UPI and Services Steering Committee’।
কেন PSS Act-এ সংশোধন?
সম্প্রতি পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে সংশোধনের প্রস্তাব ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এই সংশোধনীকে সাধারণ UPI ব্যবহারকারীদের উপর চার্জ চাপানোর পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছেন। কেন্দ্র জানিয়ে দিল, এই ধারণা ভুল। সংশোধনীটি আসলে UPI-এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, প্রযুক্তিগত উন্নয়ন এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থাটিকে আরও শক্তিশালী করার জন্য একটি পদক্ষেপ।
UPI লেনদেনের পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে সাইবার নিরাপত্তা, প্রতারণা রোধ এবং পরিকাঠামোর উন্নয়নে নিয়মিত ও বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। আবার UPI ব্যবস্থায় আরও বেশি সংস্থাকে যুক্ত করে প্রতিযোগিতা বাড়ানো প্রয়োজন। তার জন্য একটি স্বনির্ভর রাজস্ব মডেল তৈরি করা জরুরি। এছাড়া শুধুমাত্র সরকারি ভর্তুকির উপর নির্ভর করে UPI-এর পরবর্তী পর্যায়ের বৃদ্ধি সম্ভব নয়। তাই UPI-কে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের উপযোগী রাখতে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো প্রয়োজন।
‘ভুয়ো প্রচার’ নিয়ে কেন্দ্রের বার্তা-
কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাইরের কোনও চাপের কারণে নীতিতে পরিবর্তন আনা হচ্ছে। কেন্দ্র জানিয়ে দিল, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর। কেন্দ্রের বক্তব্য, বাইরের চাপ যদি সত্যিই কোনও বিষয় হত, তাহলে ২০১৬ সালে সরকার UPI চালু করত না। ২০২০ সালের জানুয়ারি থেকে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের জন্য UPI বিনামূল্যে রাখার সিদ্ধান্তও নেওয়া হত না। সেই সঙ্গে UPI-কে বিশ্বের বৃহত্তম রিয়েল-টাইম ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমে পরিণত করার উদ্যোগও নেওয়া হত না।
ভারত বর্তমানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আরও একটি বড় বৃদ্ধির পর্যায়ের সামনে দাঁড়িয়ে। গ্রাম ও মফস্বল এলাকায় UPI-এর ব্যবহার আরও বাড়ানো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের অবস্থান ধরে রাখতে UPI ব্যবস্থাকে স্বনির্ভর ও সাশ্রয়ী রাখা প্রয়োজন। PSS Act-এ প্রস্তাবিত সংশোধনী সেই লক্ষ্যেই একটি ভবিষ্যতমুখী পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। এর মাধ্যমে UPI-কে নিরাপদ, সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সাধারণ নাগরিকদের শুধুমাত্র অর্থ মন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং NPCI-র তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। যাচাই না করা কোনও বার্তা বা তথ্য ফরোয়ার্ড না করারও আবেদন জানিয়েছে কেন্দ্র।
