
সুরাট : টোল প্লাজ়ায় (Toll Plaza) আর দাঁড়াতে হবে না। এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার টোল কেটে নেওয়া হবে। নতুন ব্যবস্থা চালু করল দেশের পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। এই বিশেষ ব্যবস্থার নাম হল মাল্টি লেন ফ্রি ফ্লো বা এমএলএফ (MLF)। কেন্দ্রের এই বিশেষ ব্যবস্থায় আপনাকে আর ঘণ্টার পর ঘণ্টা টোল প্লাজ়ায় দাঁড়াতে হবে না। লাইন দেওয়ার কোনও প্রয়োজন নেই। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ব্যবস্থায় সময় অনেক বাঁচবে। জ্বালানির খরচও কমবে।
শনিবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গুজরাটে দেশের প্রথম মাল্টি-লেন ফ্রি ফ্লো (এমএলএফএফ) টোল ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থাটি এনএইচ-৪৮ এর সুরাট-ভরুচের চৌরাসি টোল প্লাজায় বাস্তবায়ন করা হয়েছে। জানা গিয়েছে, টোল প্লাজ়ায় না থেমেই প্রথম দিন ৪১ হাজার ৫০০টি যানবাহন যাতায়াত করেছে। এর থেকে একটা বিষয় স্পষ্ট যে মানুষ খুব দ্রুত এই প্রযুক্তি গ্রহণ করছে।
এমএলএফএফ সিস্টেমের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যানবাহন না দাঁড়িয়েই টোল প্লাজ়া অতিক্রম করবে। কীভাবে তা সম্ভব? এই সিস্টেমটি মূলত অটোমেটিক নম্বর প্লেট রিকগনেশন (ANPR) এবং ফাস্ট্যাগ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। কোনও যানবাহন যখন টোল পয়েন্ট অতিক্রম করবে, তখন তার নম্বর প্লেট স্ক্যান করা হবে। টোল ফি স্বয়ংক্রিয়ভাবে ফাস্ট্যাগ থেকে কেটে নেওয়া হবে।
সরকারের মতে, ব্যবস্থাটি শুধু যাত্রার সময়ই কমাবে না। বরং জ্বালানির সাশ্রয় বাড়বে ও দূষণ কমাবে।
তবে, এই বিশেষ সুবিধার ফাস্টট্যাগে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। তা না হলে এই বিশেষ সিস্টেমের সুবিধা পাবেন না। ব্যালেন্স কম থাকলে বা ফাস্টট্যাগটি অবৈধ হয়ে গেলে, একটি ই-নোটিশ জারি করা হবে। ৭২ ঘণ্টার মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে দ্বিগুণ ফি ধার্য করা হতে পারে।
সরকার মনে করে, এমএলএফএফ ব্যবস্থা টোল আদায়ে আরও স্বচ্ছ ও সাশ্রয়ী হবে। গোটা দেশে একটি আধুনিক, দ্রুত ও কার্যকর নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করবে।