Land Buying Rules: ভিন রাজ্যের বাসিন্দা কিনতে পারবেন না জমি! বড় সিদ্ধান্ত এই রাজ্য সরকারের

Uttarakhand Government: মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের রাজ্যের সংস্কৃতির রক্ষক আমাদের সরকার। রাজ্যবাসীর বহুদিনের দাবি ও তাদের অনুভূতিকে মাথায় রেখেই ক্যাবিনেট আরও কঠোর জমি আইন আনার সিদ্ধান্ত নিয়েছে।"

Land Buying Rules: ভিন রাজ্যের বাসিন্দা কিনতে পারবেন না জমি! বড় সিদ্ধান্ত এই রাজ্য সরকারের
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Feb 20, 2025 | 7:11 AM

দেহরাদুন: ভিন রাজ্য থেকে এসে কেউ কিনতে পারবেন না জমি। কড়া নিয়ম চালু করতে চলেছে উত্তরাখণ্ড সরকার। বুধবার মন্ত্রিসভায় প্রস্তাবিত খসড়া বিল পাশ করে দেওয়া হল। রাজ্যে চলতি বাজেটেই এই বিল পেশ করা হতে পারে। বিল পাশ হলে, অন্য কোনও রাজ্যের বাসিন্দা উত্তরাখণ্ডে জমি কিনতে পারবেন না। কেবল সেই রাজ্যের বাসিন্দাদেরই জমি কেনার অধিকার থাকবে।

নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি বলেন, “আমাদের রাজ্যের সংস্কৃতির রক্ষক আমাদের সরকার। রাজ্যবাসীর বহুদিনের দাবি ও তাদের অনুভূতিকে মাথায় রেখেই ক্যাবিনেট আরও কঠোর জমি আইন আনার সিদ্ধান্ত নিয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপ রাজ্য়ের সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য ও নাগরিকদের অধিকারকে রক্ষা করবে। রাজ্যের নিজস্ব পরিচিতি রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

কী বলা হয়েছে খসড়া বিলে?

  • হরিদ্বার ও উধম সিং নগর ছাড়া রাজ্যের বাইরে থেকে আসা কেউ উত্তরাখণ্ডের ১১টি জেলার মধ্যে কোথাও কৃষিজমি বা উদ্যানপালনের জমি কিনতে পারবে না।
  • পাহাড়ে জমির জরিপ ও হিসাব করা হবে।
  • জমি বিক্রির অধিকার জেলা ম্যাজিস্ট্রেটের হাতে থাকবে না আর।
  • রাজ্যে জমি বিক্রির জন্য একটি আলাদা পোর্টাল তৈরি হবে। সেখানেই যাবতীয় জমি কেনা-বেচার ট্র্যাক রাখা হবে।
  • রাজ্যের বাইরের বাসিন্দা কেউ যদি সাধারণ জমি কেনেন, সেক্ষেত্রেও এফিডেভিট বা হলফনামা লাগবে।
  • রেভেনিউ কাউন্সিল ও রাজ্য সরকারের কাছে সমস্ত জেলাশাসকদের নিয়মিত রিপোর্ট দিতে হবে জমি কেনা-বেচা নিয়ে।
  • পুরসভা অঞ্চলে জমি ব্যবহার সীমীত করা হবে।
  • যদি কোনও জমিতে নিয়মভঙ্গ কাজ হয়, তবে তা সরকার অধিগ্রহণ করবে।
  • ২০১৮ সালে পূর্ববর্তী মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের আমলে জারি যাবতীয় নিয়ম বাতিল করা হবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে উত্তরাখণ্ডে বিধানসভা অধিবেশন। তার আগেই এই বিল পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

Follow Us