Arrested CMs: একা কেজরীবাল নন, দুর্নীতি করে জেলের ভাত খেয়েছেন এই মুখ্যমন্ত্রীরাও

Scam: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হলেও, তারা হয় ইস্তফা দিয়েছেন নয়তো আগেই প্রাক্তন হয়ে গিয়েছিলেন। সম্প্রতিই যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে যায় ইডি, তখন হেমন্ত সোরেন আগে রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। তারপর তাঁকে গ্রেফতার করে ইডি।

Arrested CMs: একা কেজরীবাল নন, দুর্নীতি করে জেলের ভাত খেয়েছেন এই মুখ্যমন্ত্রীরাও
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

|

Mar 22, 2024 | 7:51 AM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা আম আদমি পার্টিতে। আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। ঠিক ভোটের আগেই মুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে বড় অস্বস্তিতে পড়েছে আম আদমি পার্টি। তবে একা কেজরীবালই নন, মাস খানেক আগেই অন্য একটি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। জানলে অবাক হবেন, ভারতে গ্রেফতার হওয়া মুখ্যমন্ত্রীদের সংখ্যা কিন্তু হাতে গোনা কয়েকজন নয়। এর আগে কোন কোন মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন, জানেন?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হলেও, তারা হয় ইস্তফা দিয়েছেন নয়তো আগেই প্রাক্তন হয়ে গিয়েছিলেন। সম্প্রতিই যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে যায় ইডি, তখন হেমন্ত সোরেন আগে রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। তারপর তাঁকে গ্রেফতার করে ইডি।

গ্রেফতার হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তালিকা-

ভারতে গ্রেফতার হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তালিকা বিরাট লম্বা। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব থেকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা, অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া রয়েছেন।

কে কোন দুর্নীতিতে গ্রেফতার-

লালু প্রসাদ যাদব– রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ২০১৩ সালে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হন। তার সঙ্গে আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রও গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে লালু ও তাঁর পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরির দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।

জয়ললিতা– ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল অবধি একাধিকবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা। ২০১৪ সালে তাঁকে কালার টিভি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। এছাড়া হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় চার বছরের জন্য জেলে যান জয়ললিতা।

ওম প্রকাশ চৌটালা– ১৯৮৯ থেকে ২০০৫ সাল অবধি একাধিকবার হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন ওম প্রকাশ চৌটালা। ২০১৩ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১০ বছরের সাজা দেওয়া হয় তাঁকে। ২০২২ সালে আবার হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় ৪ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয় চৌটালাকে।

চন্দ্রবাবু নাইডু– ২০১৪ সাল থেকে ২০১৯ সাল অবধি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্র প্রদেশের স্কিল ডেভেলপমেন্টে ৩১৭ কোটি টাকার দুর্নীতি মামলায় গত বছরই তাঁকে গ্রেফতার করা হয়।

মধু কোডা– ২০০৬ সাল থেকে ২০০৮ সালের মধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন মধু। ২০০৯ সালে তাঁকে খনি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।

 

 

Follow Us