All India Strike: আজ রাস্তায় বেরলে পাবেন না Ola-Uber বা কিচ্ছু, দেশজুড়ে ধর্মঘটের ডাক

All India Strike: আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ওলা, উবার, র‌্যাপিডোর মতো অ্যাপ ক্যাবগুলি। এই ধর্মঘটের নাম দেওয়া হয়েছে 'অল ইন্ডিয়া ব্রেকডাউন'। হাজার হাজার অ্যাপ ক্যাব চালকরা জানিয়েছেন তারা অন্তত ছয় ঘণ্টা কাজ থেকে লগ আউট করে থাকবে।

All India Strike: আজ রাস্তায় বেরলে পাবেন না Ola-Uber বা কিচ্ছু, দেশজুড়ে ধর্মঘটের ডাক
দেশ জুড়ে ধর্মঘটের ডাক।Image Credit source: PTI

|

Feb 07, 2026 | 10:25 AM

নয়া দিল্লি: যারা ওলা-উবারের ভরসায় রাস্তায় বের হন, তাদের জন্য খারাপ খবর। আজ রাস্তায় বের হলে চরম ভোগান্তিতে পড়বেন। আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ওলা, উবার, র‌্যাপিডোর মতো অ্যাপ ক্যাবগুলি। এই ধর্মঘটের নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’ (All India Breakdown)। হাজার হাজার অ্যাপ ক্যাব চালকরা জানিয়েছেন তারা অন্তত ছয় ঘণ্টা কাজ থেকে লগ আউট করে থাকবে। ক্যাব সার্ভিসের পাশাপাশি বাইক ট্যাক্সি ও অটো পরিষেবাতেও প্রভাব পড়বে।

তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কারস ইউনিয়নের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এছাড়া একাধিক শ্রমিক সংগঠনও এই ধর্মঘটে সমর্থন জানিয়েছে। তাদের দাবি, অনায্য ভাড়া ও অনলাইন অ্যাপ ক্যাবের ক্ষেত্রে দুর্বল নিয়ম-পরিকাঠামো রয়েছে, তার জেরে যাবতীয় সমস্যা হচ্ছে। অ্যাপ এগ্রিগেটররা মোটর ভেহিকেলস এগ্রিগেটর গাইডলাইন ২০২৫ না মেনেই নিজেদের মতো ভাড়া নির্ধারণ করছে। এর জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে গাড়ি চালকদের। তাদের আয় কমছে, কিন্তু অ্যাপ এগ্রিগেটরদের আয় বাড়ছে।

ন্যূনতম ভাড়া, কোনও নিয়ম না থাকায় এগ্রিগেটররা চালকদের উপরে জোর-জুলুম করছে। সরকারের দ্রুত পদক্ষেপের দাবিতেই আজকের ধর্মঘট ডাকা হয়েছে। সরকারের কাছে দাবি জানিয়েছে, অবিলম্বে অ্যাপ ভিত্তিক পরিবহন পরিষেবা অর্থাৎ ট্য়াক্সি, বাইক ট্যাক্সি, অটোর জন্য ন্যূনতম বেস ফেয়ার বা ভাড়া ধার্য করতে হবে। স্বীকৃত চালক ও ওয়ার্কার ইউনিয়নদের সঙ্গে কথা বলে এই ভাড়া ধার্য করতে হবে।

দ্বিতীয় দাবি হল, প্রাইভেট, নন-কমার্শিয়াল গাড়িকে কমার্শিয়াল ট্রান্সপোর্ট বা পণ্য বহনের জন্য যেন ব্যবহার করতে না দেওয়া হয়। সরকারকে কঠোরভাবে ব্যান করতে হবে।

প্রসঙ্গত, এর আগে ডিসেম্বর মাসে ফুড ডেলিভারি ও কুইক কমার্স ওয়ার্কারসরা ধর্মঘটের ডাক দিয়েছিল।