
নয়া দিল্লি: পাসপোর্টের (Passport) নিয়মে বড় বদল। শিশুদের পাসপোর্টের মেয়াদের নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। বিদেশ মন্ত্রকের (MEA) নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সিদের সাধারণ পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর। আর গ্রাহকের বয়স ১৮ বছর হলে পাসপোর্ট হবে মেয়াদোত্তীর্ণ। সম্প্রতি পাসপোর্ট (সংশোধনী) বিধি, ২০২৬ জারি করে ১৯৮০ সালের পাসপোর্ট নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সিদের ৩৬ পাতার সাধারণ পাসপোর্ট দেওয়া হবে। তা ইস্যুর দিন থেকে পাঁচ বছর পর্যন্ত অথবা ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত বৈধ থাকবে। এই দুই সময়সীমার মধ্যে যে মেয়াদ আগে পূর্ণ হবে, সেটিই পাসপোর্টের মেয়াদ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে পাসপোর্ট বিধির ৮ নম্বর নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, শিডিউল ফোর-এ উল্লেখ করা প্রত্যেক ধরনের পাসপোর্ট আবেদনের জন্য সংশ্লিষ্ট তালিকায় নির্ধারিত হারে ফি দিতে হবে।
১৮ বছরের কম বয়সিদের ক্ষেত্রে ৩৬ পাতার নতুন পাসপোর্ট তৈরি অথবা পুনরায় ইস্যুর জন্য আবেদন ফি ১,৭৫০ টাকা। এই পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর অথবা আবেদনকারীর ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত।
আগেই সাধারণ পাসপোর্টের আবেদন ফি বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সংশোধিত ফি ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। ৩৬ পাতার নতুন সাধারণ পাসপোর্ট তৈরির আবেদন ফি দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। একইভাবে ৩৬ পাতার পাসপোর্ট পুনরায় ইস্যু করতেও আড়াই হাজার টাকা দিতে হবে। এছাড়া, তৎকাল পরিষেবায় ৩৬ পাতার নতুন পাসপোর্ট অথবা পাসপোর্ট পুনরায় ইস্যু করার ক্ষেত্রে ফি হল পাঁচ হাজার টাকা।
অন্যদিকে, ৬০ পাতার নতুন সাধারণ পাসপোর্ট অথবা ফের ইস্যু করার জন্য ফি ২ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন হাজার টাকা করা হয়েছে। তৎকাল-এর ক্ষেত্রে ৬০ পাতার পাসপোর্টের ফি চার হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ছয় হাজার টাকা।