
নয়া দিল্লি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে গোটা ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। মোদীর কথায়, ‘গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।’ শনিবার রাতে ওয়াশিংটন হিলটনে হোটেলে নৈশভোজ চলাকালীন হামলা চালায় এক বন্দুকবাজ। প্রায় চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলে। ট্রাম্পের সামনেই গুলি চলে। নৈশভোজে ছিলেন তাঁর স্ত্রীও। তবে, দ্রুত তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয়। ট্রাম্প ও স্ত্রী মেলেনিয়া সুস্থ থাকার খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আমি স্বস্তি পেয়েছি : মোদী
ট্রাম্পের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে লেখেন, “ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাম্প্রতিক ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত রয়েছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। আমি তাঁদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করি। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। অবশ্যই গোটা ঘটনার নিন্দা করা উচিত।” প্রসঙ্গত, দিন কয়ের আগে ভারতকে হেলহোল অর্থাৎ নরককুণ্ড বলেছিলেন ট্রাম্প। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের গ্যাংস্টারও বলা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছিল নয়া দিল্লি। ট্রাম্পের এই মন্তব্যকে অজ্ঞাত বলেছিল বিদেশমন্ত্রক।
ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা
ট্রাম্পের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারী যুবকের বয়স ৩১ বছরের কাছাকাছি বলে জানা যাচ্ছে। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁর ছবিও প্রকাশ্যে এনেছেন ট্রাম্প। ছবিতে দেখা যাচ্ছে মাটিতে পড়ে রয়েছে ওই যুবক। সূত্রের খবর, ওই ব্যক্তি নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। হামলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প জানান, তিনি সুস্থ রয়েছেন। সিক্রেট সার্ভিসের সদস্যদের তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন।
ট্রাম্পের কথায়, হামলকারী অসুস্থ ছিল। আর তাঁর কাছে একাধিক অস্ত্র ছিল। একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ওই ব্যক্তি। তবে, তাঁর বুলেটপ্রুফ পোশাকের কারণে তিনি রক্ষা পেয়েছেন। কীভাবে মুহূর্তের মধ্যে নৈশভোজে আতঙ্ক ছড়িয়েছিল, কীভাবে ঢুকে ওই বন্দুকবাজ হামলা চালিয়েছিল, তারও বর্ণনা করেছেন তিনি। হামলায় ট্রাম্প কি আদৌ টার্গেট ছিলেন? নাকি সবটাই কি ভয় দেখানোর জন্য করা হয়েছে? ঘটনার তদন্ত চলছে।