
নয়াদিল্লি: মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে পালিত হল গান্ধী জয়ন্তী। শুক্রবার নয়াদিল্লির গান্ধী স্মৃতিতে বিশেষ সর্বধর্ম প্রার্থনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সত্য, শান্তি ও অহিংসার আদর্শ স্মরণ করেন তিনি। প্রার্থনা সভায় স্কুল পড়ুয়া ও শিল্পীরা ভজন পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সেখানে উপস্থিত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে হাত মেলান এবং বেশ কিছুটা সময় কাটান তিনি। পরে সংবিধান সদনেও মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোদী। সেখানেও উপস্থিত ছিল বহু স্কুল পড়ুয়া।
এর আগে এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে সর্বধর্ম প্রার্থনাতেও অংশ নেন তিনি। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও গান্ধী স্মৃতিতে শ্রদ্ধা জানান। স্বাধীনতা আন্দোলনে গান্ধীর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের বার্তা স্মরণ করেন তিনি।
১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ভারত ছাড়ো আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি সংগঠিত হয়। গান্ধীর অহিংসার দর্শনকে স্মরণ করে প্রতি বছর ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবসও পালন করা হয়।
এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও পালিত হয়। বিজয় ঘাটে তাঁকে শ্রদ্ধা জানান মোদী। ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন শাস্ত্রী। ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগানের জন্যও তিনি বিশেষভাবে স্মরণীয়।