
নয়া দিল্লি: ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে তৎপরতা তুঙ্গে। ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে তড়িঘড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। একইসঙ্গে RAW প্রধানের বাংলাদেশ সফর ঘিরেও বাড়ছে কূটনৈতিক জল্পনা।
সদ্য তারেক রহমানের সঙ্গে ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়। সেই বৈঠকে তারেক রহমান শেখ হাসিনার প্রত্যর্পণের আর্জি জানিয়েছেন। অন্যদিকে বৈঠক শেষ করেই তড়িঘড়ি দিল্লি ছোটেন দীনেশ ত্রিবেদী। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নেপথ্যে তৎপরতা জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকের খবর সামনে এসেছে। বৈঠকে কী বিষয়ে আলোচনা হল, সেই বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য সামনে আসেনি। ফলে ঢাকার বৈঠক এবং পরবর্তী দিল্লি সফরের মধ্যে কোনও প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
শুধু হাইকমিশনারের তৎপরতাই নয়, এর আগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা RAW-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফরও এই মুহূর্তে বিশেষ তাৎপর্যপূর্ণ। পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে গিয়ে নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বাংলাদেশি নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে বৈঠক করে। ফলে কূটনৈতিক স্তরের পাশাপাশি নিরাপত্তা ও গোয়েন্দা স্তরেও দিল্লি–ঢাকা যোগাযোগ যে সক্রিয় হয়েছে, তা স্পষ্ট।