
নয়া দিল্লি: সঞ্চয় শেখান সাধারণ মানুষকে। মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। ভারতীয় সংস্কৃতি “খাও, পিও, মৌজ করো” চিন্তাধারার নয়, তাই সাধারণ মানুষকে অর্থ সঞ্চয় ও আর্থিক নিয়ামানুবর্তিতা শেখাতে বললেন প্রধানমন্ত্রী।
আজ, বৃহস্পতিবার ভারত মণ্ডপমে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সাড়ে তিন ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করে বলেন যে গরিব মানুষদের দারিদ্রসীমা থেকে তুলে আনা হয়েছে, সেই উন্নতিও ব্যর্থ হয়ে যেতে পারে যদি তাদের আর্থিক নিয়মানুবর্তিতা না শেখানো হয়। তিনি বলেন, “ভারতীয় সংস্কৃতি খাও, পিও ও মৌজ করো-র ভাবনায় বিশ্বাস করে না”। প্রধানমন্ত্রী মোদী পরামর্শ দেন যে সকলকে যেন সঞ্চয় শেখানো হয়।
২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। এই সাফল্যকেই তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তবে এই সাফল্যের মধ্যেও সতর্কবার্তা দেন তিনি। বলেন যে দরিদ্রসীমা থেকে মানুষকে তুলে আনা চ্যালেঞ্জের একটা অংশ ছিল। তারা যাতে আবার দারিদ্রসীমায় না পৌঁছে যান, তার জন্য কাজ চালিয়ে যেতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী সংসদের সেন্ট্রাল হলে নিজের প্রথম বক্তব্যের স্মৃতিচারণ করেন। ২০১৪ সালে তিনি যখন প্রথমবার সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য রেখেছিলেন, তখন বলেছিলেন যে এই সরকার গরিবদের সরকার।
সূত্রের খবর, বৈঠকে দেশে মাদকের প্রভাব এবং যুব প্রজন্মকে কীভাবে এর থেকে সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। বলতে বলতে তাঁর গলা ধরে আসে। ধরা গলাতেই তিনি বলেন যে দেশ যেভাবে নকশালবাদকে গোড়া থেকে শেষ করেছে, একইভাবে মাদকের সমস্যাকেও সমূলে উৎপাট করতে হবে।