PM Modi: ‘কাজে আরও শক্তি জোগাবে’, নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়ের পরই বড় বার্তা মোদীর

PM Modi Reacts to BJP Bypoll Wins: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভবানীপুরেও প্রার্থী হন। দুটি আসনেই জয়ের পর নন্দীগ্রাম আসনটি ছাড়েন। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর নওদা ও রেজিনগরে জিতেছিলেন। তিনি রেজিনগর আসনটি ছাড়েন। তার ফলে দুটি আসনে উপনির্বাচন হয়।

PM Modi: কাজে আরও শক্তি জোগাবে, নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়ের পরই বড় বার্তা মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

Oct 09, 2026 | 8:47 PM

নয়াদিল্লি: বাংলার দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। অসমেও একটি লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। আর বিজেপির এই জয়ের জন্য সাধারণ মানুষকে ‘কৃতজ্ঞতা’ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটারদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দলের কর্মী ও সমর্থকদেরও কঠোর পরিশ্রমের প্রশংসা করলেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন, ‘মানুষের কল্যাণে কাজ করতে এবং আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন প্রধানমন্ত্রী?

শুক্রবার একাধিক রাজ্যে উপনির্বাচনের ফল ঘোষণার পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “মানুষের নিরন্তর আশীর্বাদ ও সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই! অসমের নগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল ফের প্রমাণ করল, বিজেপি-এনডিএ-র সুশাসনের কর্মসূচির সঙ্গে মানুষের গভীর সংযোগ রয়েছে।”

এরপরই তিনি লেখেন, “বিজয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানাই। পাশাপাশি, দলের কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করছি। পুদুচেরির থাট্টানচাভাডি কেন্দ্রেও জয়ের জন্য আমাদের গুরুত্বপূর্ণ এনডিএ শরিক এআইএনআরসি-কে অভিনন্দন জানাই।”

সাধারণ মানুষের কল্যাণে তাঁরা যে নিরলসভাবে কাজ করে যাবেন, তা জানিয়ে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “মানুষের কল্যাণে কাজ করতে এবং আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। এই জনাদেশ আমাদের সেই কাজে আরও শক্তি জোগাবে।”

নন্দীগ্রাম ও রেজিনগরের ফলাফল-

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভবানীপুরেও প্রার্থী হন। দুটি আসনেই জয়ের পর নন্দীগ্রাম আসনটি ছাড়েন। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর নওদা ও রেজিনগরে জিতেছিলেন। তিনি রেজিনগর আসনটি ছাড়েন। তার ফলে দুটি আসনে উপনির্বাচন হয়। দুটি আসনেই এদিন বিপুল ভোটে জিতলেন বিজেপি প্রার্থীরা। সেদিক থেকে দেখলে নন্দীগ্রাম আসনটি ধরে রাখল গেরুয়া শিবির। আর রেজিনগর তারা ছিনিয়ে আনল আম জনতা উন্নয়ন পার্টির কাছ থেকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us