
নয়া দিল্লি: আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত সাড়ে ৮টা নাগাদ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। গতকাল সংসদে মহিলা সংরক্ষণ বিল বা ১৩১ তম সংবিধান সংশোধনী বিল বিরোধীরা আটকে দেওয়ার পর প্রথমবার মুখ খুলবেন প্রধানমন্ত্রী। তবে, কী নিয়ে দেশবাসীকে বার্তা দেবেন, তা এখনও জানা যায়নি। এদিকে, আজ সকালেই পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ক্যাবিনেট বৈঠক করেছিলেন মোদী। আবার ভোটের মুখে আজ রাতেই পশ্চিমবঙ্গে আসছেন তিনি। তার আগে দেশবাসীর উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে গোটা দেশের।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদী
সূত্রের খবর, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আজ দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯০ সালের পর প্রথম কেন্দ্রীয় সরকারের আনা বিল লোকসভায় পাশ করানো যায়নি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বিল পাশ করানোর বিষয়ে প্রথমবার সংসদে ধাক্কা খেয়েছে বিজেপি। এই ইস্যুতে বিরোধীরাও জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। এদিকে, পাল্টা প্রচার কী হবে, তা কিন্তু এই বিল পেশের আগেই ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় দাঁড়িয়ে তা তিনি স্পষ্টও করে দিয়েছেন। আজকের ভাষণে এই বিষয়ের উপরই আলোকপাত করার সম্ভাবনা বেশি।
ভোট আবহে মহিলাদের বার্তা?
পাঁচ রাজ্যে ভোট। ইতিমধ্যেই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট সম্পন্ন হয়েছে। এখনও তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে ভোট বাকি রয়েছে। এদিকে, প্রচারে আজ রাতেই রাজ্যে আসছেন তিনি। পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে মহিলা ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের মাধ্যমে মহিলা ভোট ব্যাঙ্ক টানতে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহল বলছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে পাল্টা প্রচার তুঙ্গে তুলে মহিলা ভোটকে ভাঙতেই উদ্যোগী হচ্ছে বিজেপি। এই প্রেক্ষাপটেই আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কী নিয়ে বলবেন, তা এখনও জানা যায়নি। তবে, দেশের মহিলাদের আলাদা করে বার্তা দিতে পারেন মোদী।
ক্যাবিনেট বৈঠক
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ সকালেই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের বাজার এবং অর্থনীতির উপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে বলে খবর। গত বৈঠকে নির্দেশ দেওয়া কাজগুলি কতটা হয়েছে এবং ভারতের স্বার্থ রক্ষা করতে বিভিন্ন মন্ত্রক কী কী পদক্ষেপ করেছে, তাও খতিয়ে দেখেছেন নরেন্দ্র মোদী। আজ ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এবং ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এর বৈঠকও হয়েছে। তারপরই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার।