
নয়া দিল্লি: গতি বাড়ানো থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন, প্রায় প্রতিদিন রেল নতুন নতুন চমক দিচ্ছে। বন্দে ভারত ইতিমধ্যেই রেলের গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, বুলেট ট্রেনের জন্যও প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আর এবার আসছে হাইপারলুপ। এই ট্র্যাকের কথা শোনা গিয়েছিল আগেই। এবার সেই ট্র্যাক প্রস্তুতও করে ফেলা হয়েছে। রেল মন্ত্রকের সাহায্যে আইআইটি মাদ্রাজ তৈরি করেছে এই ট্র্যাক।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ৪২২ মিটার লম্বা এই ট্র্যাক। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। “হাইপারলুপ টেস্ট ট্র্যাক” রেলপথ মন্ত্রকের সহযোগিতায় তৈরি করা হয়েছে। সারা বিশ্বে এই প্রযুক্তির উপর কাজ চলছে। রেলমন্ত্রীর মতে, যদি এই ট্র্যাকটি বাণিজ্যিক পরিবহনের জন্য প্রস্তুত করা যায়, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে কোথায় এটি ব্যবহার করা যাবে।
হাইপারলুপ সিস্টেমে টিউবের দ্বারা তৈরি একটি নেটওয়ার্ক থাকে। চৌম্বকীয় বলের উপর ভিত্তি করে চলবে এই ট্রেন। অর্থাৎ একটি বিশেষ টিউবে সর্বোচ্চ গতিতে ট্রেন চালানো যায়।
ট্রেনটি ঘণ্টায় ১২০০ কিলোমিটার গতিতে চলবে। জানা গিয়েছে, হাইপারলুপ ট্রেনটি ১২০০ কিলোমিটার গতিতে চলতে পারে। বিমান এবং বুলেট ট্রেনের থেকে এই গতি অনেক বেশি। ভবিষ্যতে পরিবহন ব্যবস্থায় হাইপারলুপ প্রযুক্তি ব্যবহার করা হলে মানুষ অনেক সুবিধা পাবে এবং অনেক সময়ও বাঁচবে। বেঙ্গালুরু-চেন্নাইয়ের মধ্যে প্রথম হাইপারলুপ ট্রেন চলাচল করতে পারে।