
জয়পুর: রাজস্থানের পঞ্চায়েত ভোটে বড় জয় পেল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরকে পিছনে ফেলে বিপুল আসনে জয় পেয়েছে হাত শিবির। পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ…সর্বত্রই উড়ল কংগ্রেসের বিজয় পতাকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,পঞ্চায়েত সমিতির ৩৭০০-র বেশি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপির ঝুলিতে গিয়েছে ২,২০০-র কম আসন। জেলা পরিষদ নির্বাচনেও সাফল্য পেয়েছে কংগ্রেস।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফলাফল ঘোষিত ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে বোর্ড গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ৯টি জেলা পরিষদে। একটি জেলা পরিষদে অন্যরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বাকি দু’টিতে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও কংগ্রেসের ফলাফল উল্লেখযোগ্য। মোট ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৪১৮টির ফল ঘোষণা হয়েছে। তার মধ্যে ২৬৯টিতে বোর্ড গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ৭৩টিতে। বাকি ৬৩টি পঞ্চায়েত সমিতিতে এগিয়ে রয়েছে অন্যান্য দল।
শেষ পাওয়া খবর অনুযায়ী, সব মিলিয়ে পঞ্চায়েত সমিতিতে মোট ৭ হাজার ৫৪৩ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৩ হাজার ৭০১টি আসনে। বিজেপি জিতেছে ২,১৮১টি আসনে। সেখানে জেলা পরিষদে ১২৭৫ আসনের মধ্যে ৫৯৯ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। আর বিজেপি জিতেছে ৩০১ আসনে।
অন্য দলগুলির মধ্যে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) পেয়েছে ৪৯৬টি পঞ্চায়েত সমিতির আসন। ভারত আদিবাসী পার্টি (BAP) পেয়েছে ২৭৬টি, বহুজন সমাজ পার্টি (BSP) ৬০টি । আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছে মাত্র দু’টি আসন। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৬২৭টি আসনে।
এই জয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গ্রামের মানুষ সবকিছু দেখছিলেন, সবকিছু সহ্য করছিলেন। এবার তাঁরা নিজেদের কথা জানিয়েছেন। এটা শুধু রাজস্থানের রায় নয়, দেশের প্রতিটি গ্রামের মানুষের কণ্ঠস্বর।”
উল্লেখযোগ্য বিষয় হল, গত সেপ্টেম্বরে রাজস্থানের পুরসভা নির্বাচনে উল্টো ছবি দেখা গিয়েছিল। সেই নির্বাচনে রাজ্যের ১০টি পুরনিগমের মধ্যে ৯ টিতেই মেয়র পদ পেয়েছিল বিজেপি। পাশাপাশি ২০৪টি পুরসভায় বোর্ড গঠন করেছিল গেরুয়া শিবির। সেখানে কংগ্রেস বোর্ড গঠন করেছিল ৯৬টি পুরসভায়।