Rajnath Singh: ‘বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা’, কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র আক্রমণ রাজনাথের

Rajnath Singh Slams Congress: শুক্রবার লখনউয়ে সাংবাদিক বৈঠক করেন রাজনাথ সিং। সেখান থেকেই কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, দেশের যুবসমাজের শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার না করে রাজনৈতিক সংঘাত তৈরির চেষ্টা চলছে।

Rajnath Singh: বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা, কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র আক্রমণ রাজনাথের
রাজনাথ সিংImage Credit source: Tv9 Bangla

Oct 16, 2026 | 5:01 PM

লখনউ: বাংলাদেশে গণঅভ্যুত্থানের জেরে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। এবার কি সেই একই কায়দায় ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে? রাজধানী দিল্লিতে চলতে থাকা বিক্ষোভ-আন্দোলনের আবহে কংগ্রেস (Congress) এবং বিরোধী জোটের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তাঁর অভিযোগ, বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস এবং তাদের রাজনৈতিক সহযোগীরা। দেশের যুবসমাজকে হাতিয়ার করে অরাজকতা ছড়ানোর চেষ্টা চলছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কী অভিযোগ রাজনাথ সিংয়ের?

শুক্রবার লখনউয়ে সাংবাদিক বৈঠক করেন রাজনাথ সিং। সেখান থেকেই কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, দেশের যুবসমাজের শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার না করে রাজনৈতিক সংঘাত তৈরির চেষ্টা চলছে। রাজনাথ বলেন, “মনে হচ্ছে, কংগ্রেস এবং তাদের রাজনৈতিক সহযোগীরা প্রত্যক্ষভাবে যুবসমাজকে দেশ গঠনের কাজে ব্যবহার করার পরিবর্তে রাজনৈতিক সংঘাত এবং অরাজকতা ছড়ানোর কাজে লাগাতে চাইছে। দেশের যুবসমাজকে অরাজকতার রাজনীতির বোড়ে বানানো হচ্ছে।”

এরপরই বাংলাদেশের প্রসঙ্গ টেনে প্রতিরক্ষামন্ত্রী বলেন,”ওরা প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে বলছে, সরকার পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়েছে। আবার কেউ প্রকাশ্যেই সরকার ফেলে দেওয়ার কথা বলছে। এতেই স্পষ্ট, ওদের একমাত্র উদ্দেশ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা এবং গোটা দেশে আগুন জ্বালানো।”

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়েছিল শেখ হাসিনা সরকার। সেই ঘটনার সঙ্গে ভারতের বর্তমান আন্দোলনের তুলনা টেনেই বিরোধীদের নিশানা করেছেন রাজনাথ।

SIR আন্দোলন নিয়ে রাজনাথের বক্তব্য

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঘিরে উত্তাল রাজধানী দিল্লি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বিরোধী রাজনৈতিক দল এবং একাধিক নাগরিক সংগঠন। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। এর ফলে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তবে রাজনাথ সিংয়ের দাবি, এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য নির্বাচনী সংস্কার নয়। এসআইআর নিয়ে আপত্তিও আসল বিষয় নয়। তাঁর বক্তব্য, বিরোধীদের মুখে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের মতো শব্দ ব্যবহারই বুঝিয়ে দিচ্ছে, তাদের লক্ষ্য অন্য।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রসঙ্গও টেনে আনেন রাজনাথ। রাহুল গান্ধী এবং তাঁর রাজনৈতিক সহযোগীদের উদ্দেশে তিনি বলেন, “গণতন্ত্রের অর্থ এই নয় যে কেউ অরাজকতা সৃষ্টি করতে পারবেন কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করবেন।”

রাহুলকে কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর

রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করে রাজনাথ সিং বলেন,”গণতন্ত্র রক্ষার নামে ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করা উচিত কংগ্রেস নেতার। পরিবর্তে জনতার রায়কে সম্মান জানানো এবং নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করা প্রয়োজন। ভারতের ভবিষ্যৎ আমাদের সকলের দায়িত্ব। সংঘাতের পথ নয়, আলোচনা এবং দেশ গঠনের পথ বেছে নিতে হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us