
নয়া দিল্লি: তিনি মা, তিনি সব পারেন। নয়া দিল্লিতে মহাকুম্ভে যেতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে, সেই ঘটনার চর্চা সব দিকে। তার মাঝেই একটি ছবি ভাইরাল হয়েছে, যা সকলের নজর কেড়েছে। কী সেই ছবি? এক মহিলা কনস্টেবলের। নয়া দিল্লি রেলস্টেশনে কর্তব্যরত তিনি। ভিড় সামলাতে হাতে রয়েছে ব্যাটন। এটা তো স্বাভাবিক বিষয়। তবে নজর কেড়েছে অন্য একটি বিষয়। ডিউটির সময়ও তাঁর কোলে রয়েছে একরত্তি সন্তান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহিলা আরপিএফ জওয়ানের ছবি। তিনি সন্তানকে কোলে নিয়েই ডিউটি করছেন। রীনা নামক ওই কন্সটেবলের ছবি ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে। কেউ কেউ যেমন প্রশংসা করেছেন যে তিনি কাজের সঙ্গে মায়ের দায়িত্বও পালন করছেন। অনেকে আবার এই সওয়ালও করেছেন যে নারীদেরই কেন ত্যাগের প্রতীক করা হয় সবসময়? তবে এই আরপিএফ কনস্টেবলের আসল কাহিনি জানেন না অধিকাংশই।
আরপিএফের কনস্টেবল রীনা। তিন সন্তানের মা-ও তিনি। দুই কন্যা রয়েছে, কোলের পুত্র সন্তানের বয়স মাত্র এক বছর। গত শনিবার, ১৫ ফেব্রুয়ারি রাতে নয়া দিল্লি স্টেশনে কুম্ভগামী ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়ে মৃত্যু হয় ১৮ জনের।
ওই দিন ছুটিতে ছিলেন রীনা। পরেরদিন, অর্থাৎ রবিবারও তাঁর ছুটি ছিল। তবে জরুরি পরিস্থিতিতে তাঁর ছুটি বাতিল করে দেওয়া হয়। ডিউটিতে ডাক পেতেই সঙ্গে সঙ্গে দুই মেয়েকে ডে-কেয়ারে রেখে আসেন। তবে একরত্তি ছেলেকে রাখার সুযোগ ছিল না। তাই তাঁকে নিয়েই ডিউটিতে যোগ দেন রীনা।
সোশ্য়াল মিডিয়ায় কোলে সন্তানকে নিয়ে তাঁর ডিউটি করার ছবি ভাইরাল হতেই অনেকে আবার প্রশ্ন করেছেন যে সন্তানকে বাড়িতে কেন রেখে আসেননি তিনি। তাঁর সন্তানকে স্বামীর কাছে রাখতে পারতেন, এমনটাও বলেন অনেকে। রীনা দেবী জানান, তাঁর স্বামী সিআরপিএফ জওয়ান। বর্তমানে জম্মু-কাশ্মীরে পোস্টিং তাঁর। নিজের মা-বাবা ও শ্বশুর-শাশুড়িও নেই আর। সেই কারণেই তিনি একরত্তিকে নিয়েই ডিউটিতে আসেন।
এভাবে সন্তানকে সামলিয়ে ডিউটি করতে অসুবিধা হয়নি? আরপিএফ কন্সটেবল বলেন, “আমার কাছে নর্মাল রুটিন এটা। আমি শুধু দেখি যাতে ওর লেগে না যায়। কেউ গায়ের কাছে চলে এলে, আমি আলতো করে সরিয়ে দিই।”
ডিউটির মাঝে সন্তানের অবহেলাও করেন না তিনি। এক বছরের সন্তানকে খাওয়ানোর জন্য ডালিয়ার খিচুড়ি, দুধ আনেন তিনি। সঙ্গে থাকে ন্যাপি ও ছোট কম্বলও।
আরপিএফের তরফেও রীনার এই কর্তব্যপরায়ণতার ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, “একজন মা, একজন যোদ্ধা…কন্সটেবল রীনা নিজের সন্তানকে নিয়েই ডিউটি করছেন। অগুনতি মায়ের প্রতিনিধিত্ব করছেন, যারা মাতৃত্বের সঙ্গে কর্তব্যও পালন করছেন।”