
নাগপুর: দাদর স্টেশনের (Dadar Station) নাম বদল নিয়ে বিতর্কের মধ্যেই এবার মহারাষ্ট্রের আরও একটি জায়গার নাম পরিবর্তনের দাবি উঠল। নাগপুরের (Nagpur) নাম বদলে ‘দীক্ষাভূমি’ করার দাবি জানালেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তাঁর বক্তব্য, নাগপুর (Nagpur Name Change) থেকেই বাবাসাহেব আম্বেদকরের সামাজিক বিপ্লবের সূচনা হয়েছিল। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নাগপুরের নাম দীক্ষাভূমি করা উচিত। এই প্রস্তাব নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ উদ্যোগী হলে পূর্ণ সমর্থন জানাবে তাঁদের দল, স্পষ্ট জানিয়েছেন সঞ্জয় রাউত।
সম্প্রতি দাদর স্টেশনের নাম বদলে ‘চৈত্যভূমি’ করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র সরকার। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। এই আবহে সাংবাদিক বৈঠকে নাগপুরের নাম পরিবর্তনের দাবি তোলেন সঞ্জয় রাউত। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ যদি নাগপুরের নাম দীক্ষাভূমি করার প্রস্তাব আনেন, তাহলে সেই লড়াইয়ে সরকারের পাশে থাকবে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)।
সঞ্জয় রাউতের কথায়, নাগপুরের দীক্ষাভূমি থেকেই ড: বাবাসাহেব আম্বেদকরের সামাজিক বিপ্লবের সূচনা হয়েছিল। তাই নাগপুরের নাম ‘দীক্ষাভূমি’ করার প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে সরকার কোনও উদ্যোগ নিলে তাঁরা পূর্ণ সমর্থন করবেন বলেও জানিয়েছেন তিনি।
দীক্ষাভূমির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ১৯৫৬ সালের ১৪ অক্টোবর নাগপুরের এই স্থানেই ডঃ বি আর আম্বেদকর লক্ষ লক্ষ অনুগামীকে নিয়ে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন। ভারতীয় সমাজ ও ধর্মীয় ইতিহাসে এই ঘটনা এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিবিজড়িত স্থান দীক্ষাভূমি।
অন্যদিকে, গত ১৮ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানান, দাদর স্টেশনের নাম বদলে ‘চৈত্যভূমি’ করার প্রস্তাবে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। আসন্ন শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী স্টেশনের নাম পরিবর্তনের জন্য বিধানসভায় প্রয়োজনীয় কমিটি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই নাম পরিবর্তনের পরবর্তী পদক্ষেপ করা হবে।