
বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র সভাস্থলের কাছ থেকে উদ্ধার উদ্ধার জিলেটিন স্টিক (Gelation Stick)। আজ, রবিবার প্রধানমন্ত্রী মোদীর জনসভা রয়েছে কর্নাটকের বেঙ্গালুরুতে (Bengaluru)। সেই সভাস্থলের কাছ থেকে দুটি জিলেটিন স্টিক উদ্ধার হয়। এরপরই আতঙ্ক ছড়ায়। শুরু হয় পুলিশি তল্লাশি। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাইরে, দ্য আর্ট অব লিভিং ইন্টারন্য়াশনাল সেন্টারে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা, তার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাগালিপুরায় আশ্রমের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হয়। প্রধানমন্ত্রী আসার আগে যে রুটিন সিকিউরিটি চেকিং হয়, সেই সময় রাস্তার ধারে ফুটপাথ থেকে দুটি জিলেটিন স্টিক উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলা হয়। ছুটে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক টিম।
পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যারা, তাদের জেরা করা হচ্ছে। কীভাবে ওখানে জিলেটিন স্টিক এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র বা নাশকতার ছক রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এ দিন কর্নাটকের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “অসমে লাগাতার তিনবার সরকার গঠন করেছে এনডিএ। বাংলায় প্রথমবার বিজেপি এত বড় আশীর্বাদ পেয়েছে। আর এখন দুই সপ্তাহ আগে গুজরাটে পঞ্চায়েতে দারুণ জয় পেয়েছে বিজেপি। সব নতুন ইতিহাস রচনার মতো ঘটনা ঘটছে।”